Showing posts with label কুষ্টিয়া. Show all posts
Showing posts with label কুষ্টিয়া. Show all posts

Wednesday, July 29, 2026

ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, কুষ্টিয়ায় আলোচনা-সমালোচনা

ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি, কুষ্টিয়ায় আলোচনা-সমালোচনা

তিস্তা নিউজ ডেস্ক ঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তার কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপির এমন সংবর্ধনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন এমপি আব্দুল গফুর।

এ ঘটনায় প্রশাসনিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। যদিও অনেকে এটিকে সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন।

স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দফতরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।

সমালোচকদের মতে, রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা। সাধারণত সরকারি কর্মকর্তারা সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে থাকেন। ফলে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে ইউএনওর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দেওয়ার বিষয়টি প্রশাসনিক রীতি ও নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। তাদের মতে, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় থাকলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গতি বাড়তে পারে।

এ প্রসঙ্গে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, আমি সম্প্রতি নতুন কর্মস্থলে যোগ দিয়েছি। যেহেতু আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব, সেই জায়গা থেকেই এমপি মহোদয় নিজ থেকে এসে সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপি আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে নবনিযুক্ত ইউএনওকে দেয়া সংবর্ধনার ছবি পোস্ট করেছেন তিনি।

Sunday, April 19, 2026

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে

কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, জামায়াতের ২১ কর্মী আদালতে

তিস্তা নিউজ ডেস্ক ঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলা এলাকায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ২১ জন কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর থানা হাজত থেকে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কয়েকজনের অভিযোগ, শুক্রবার মাগরিবের নামাজের সময় তাদের আটক করা হয় এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বুরাপাড়া গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে মারামারি হয়। পরে এক শিশুর অভিভাবক বিষয়টি জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রতিপক্ষের হামলায় এক অভিভাবক গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Wednesday, March 4, 2026

ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের মৃত্যু

ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক আসমা সাদিয়া রুনা

তিস্তা নিউজ ডেস্ক ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়া রুনার ওপর হামলা চালান ফজলুর রহমান নামে এক কর্মচারী। অভিযোগ রয়েছে, বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে সহকারী অধ্যাপকের গলায় আঘাত করেন। পরে নিজ গলায়ও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার সময় আশপাশের শিক্ষার্থী ও সহকর্মীরা চিৎকার শুনে কক্ষে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ইসলামি বিশ্ববিদ্যালয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধার করে প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

অভিযুক্ত ফজলুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তাকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

Monday, January 19, 2026

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির


তিস্তা নিউজ ডেস্ক ঃ মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদকালে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। আজ (১৯ জানুয়ারি) এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম হঠাৎ মাথা ঘুরে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক ইকবাল হোসেন।  তিনি বলেন, ‘কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। বক্তব্য দিতে দিতে তিনি স্ট্রোক করেন।’

Tuesday, May 20, 2025

গ্রামীণ মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

গ্রামীণ মেলাকে কেন্দ্র বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫



তিস্তা নিউজ ডেস্ক ঃকুষ্টিয়ার গ্রামীণ মেলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় কুমারখালীতে এ ঘটনা ঘটে। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Sunday, March 9, 2025

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো ইনুকে

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলাসহ দুটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। রবিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই একটি মানহানির মামলায় কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে আসলে হামলার শিকার হন মাহমুদুর রহমান। পরে ২০২৪ সালের ১০ অক্টোবর তিনি সশরীরে হাজির হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার চার নম্বর আসামি হাসানুল হক ইনু।এ ছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত শরিফুল ইসলাম বাদী হয়ে আরও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলাতেও হাসানুল হক ইনুকে আসামি করা হয়। এই দুটি মামলায় রবিবার বেলা আড়াইটার দিকে ইনুকে কুষ্টিয়ায় আদালতে হাজির করা হয়। এ সময় বিপুলসংখ্যক জাসদ নেতাকর্মী আদালত চত্বরে ভিড় করেন। মামলার শুনানি শেষে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তোলার সময় হাসানুল হক ইনু জাসদ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম বলেন,‘মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে আনা হয়েছিল ইনুকে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।’

Tuesday, February 4, 2025

ভেড়ামারায় মামুনুল হক,  দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই

ভেড়ামারায় মামুনুল হক, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই



 তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্র ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ বিনির্মাণ করতে হলে ইসলামী রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই।সোমবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।আল্লামা মামুনুল হক বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মাধ্যমে বিশুদ্ধ এক জাতি তৈরি হবে। এরপরই ইসলামের দ্বিতীয় স্তম্ভ যাকাত আদায় করার কাজে মনোনিবেশ করতে হবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না।এর আগে দুপুর সোয়া ২টায় আল্লামা মামুনুল হক হেলিকপ্টারযোগে বাহাদুরপুর মনোমোহন ফ্যাক্টরির পাশেই একটি স্থানে অবতরণ করেন। সাড়ে ৩টার দিকে তিনি তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন।মনোমোহন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান এবং ইকরামুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়বী।অনুষ্ঠানে বাহাদুরপুর মোল্লাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম নাসির উদ্দীন নাসু মৌলভীর সভাপতিত্বে সকাল ৯টা থেকেই স্থানীয় আলেমরা তাফসির পেশ করেন।

Monday, January 13, 2025

জামায়াতের সভায় বিএনপির হামলা, সংঘর্ষে আহত ২০

জামায়াতের সভায় বিএনপির হামলা, সংঘর্ষে আহত ২০

 



তিস্তা নিউজ ডেস্ক ঃ কুষ্টিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বেলা ৩টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কিছু দিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুজনেই কমিটির আহবায়ক প্রার্থী ছিলেন। অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিতে জামায়াতের আমির মুকুলকে চাপ সৃষ্টি করছিলেন বিএনপি কর্মী নাসির। এ নিয়ে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির।

হুমকির প্রতিবাদে রোববার বিকাল ৩টার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মী-সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা শুরু হওয়ার একপর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, নাসির এক সময় ছাত্রদল নেতা ছিলেন। এখন তিনি বিএনপির কর্মী। তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুই পক্ষের তাই এটা নিয়ে কিছু বলতে চাই না।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে জামায়াতের পক্ষ থেকে ইউনিয়ন জামায়াতের আমিরের নাম দেওয়া হয়েছিল। অথচ বিএনপি নেতা নাসির তাকে নাম তুলে নিতে হুমকি দিচ্ছিল। এরই প্রতিবাদে সমাবেশ করার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় আমাদের অনেকে আহত হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসান ইমাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন বৃদ্ধ গুরুতর। প্রত্যেকের মাথায় আঘাতপ্রাপ্ত।

ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, একটি স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, January 1, 2025