Showing posts with label রাজশাহী. Show all posts
Showing posts with label রাজশাহী. Show all posts

Sunday, May 3, 2026

রাকসুর ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

রাকসুর ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া জিএস সালাউদ্দিন আম্মারের একাধিক অভিযোগকে কেন্দ্র করে ভিপি ও কয়েকজন সম্পাদকের পাল্টাপাল্টি বক্তব্যে ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামক গ্রুপে জিএস সালাউদ্দিন আম্মার ও ব্যক্তিগত ফেসবুক পেজের টাইমলাইনে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ পোস্ট করলে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে।


জিএস সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, পরিষদের অধিকাংশ সদস্য শিবির প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় ভিন্ন প্যানেলের প্রতিনিধিদের মতামত যথাযথ গুরুত্ব পায় না।


তিনি বলেন, আমিসহ তিনজন ভিন্ন প্যানেলের হওয়ায় আমাদের মতামত স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হয় না। অনেক সময় সম্পাদকরা ভিপির সংশ্লিষ্টতায় প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন করে থাকেন। সম্প্রতি অনুষ্ঠিত একটি সেমিনারে তিনি ইচ্ছাকৃতভাবে উপস্থিত হননি বলেও জানান। স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নে এসব কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেন না বলে উল্লেখ করেন তিনি।


এর আগে গত ৬ এপ্রিল রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকট পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অংশ নেন। ওই অনুষ্ঠানের ব্যানারে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য জিএস সালাউদ্দিন আম্মার এবং শিবির-সমর্থিত প্যানেলের পরাজিত জিএস (বর্তমানে সিনেট সদস্য) ফাহিম রেজার নাম ছিল। এতে আপত্তি থাকায় আম্মার ওই প্রোগ্রামে অংশ নেননি বলে জানা যায়।

তিনি আরো বলেন, আমি ভিপির কনসার্নে নাকি প্রোগ্রাম আয়োজন ও অতিথি নির্বাচন করে থাকে। এটাও ভিত্তিহীন ও খাপছাড়া কথা বলল। ভিপি-জিএস-এর উপস্থিতিতে রাকসু সভাপতির অনুমতিতে সম্পাদকগণ তাদের অ্যাজেন্ডা পাস করিয়ে নেয়। পরবর্তীকালে, সম্পাদকগণ নিজের ইচ্ছেমতো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে, যেখানে আমাকে ও আম্মারকে অতিথি বা আলোচক হিশেবে আমন্ত্রণ করে থাকে। এভাবেই রাকসু ফাংশন করছে। এটাই এখনকার রাকসুর প্রতিষ্ঠিত নিয়ম। অথচ, আম্মার বলল ভিপির কনসার্নে প্রোগ্রাম ও অতিথি নির্বাচন হয়। এটা বাজারি কথা ছাড়া আর কিছুই না।


রাকসুর জিএসের এসব অভিযোগ নাকচ করেছেন রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জোহাও। তিনি বলেন, নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে গিয়ে জিএস অন্যদের দোষারোপ করছেন। তার স্বেচ্ছাচারিতার বিরোধিতা করলেই সেটাকে তিনি নিজের বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখান।


তিনি আরো বলেন, জিএস এখন জাতীয় রাজনীতি নিয়ে মুখিয়ে আছে। তাই ক্যাম্পাসের ব্যাপার তাকে গুটিয়ে ফেলতে হবে। আর সেটার প্রথম চাল এটাই যে নিজেকে মাইনাস প্লেয়ার হিসেবে উপস্থাপন করবে। এছাড়া সে নিজেও অনেকদিন আলোচনার বাইরে আছে। আলোচনায় আসাটাও খুব জরুরি। তা নাহলে প্রায় একমাস আগের একটা আয়োজনের ইস্যু টেনে মিডিয়ায় এমন বক্তব্য দেওয়ার কোনো কারণই দেখি না।

সূত্রঃ দৈনিক আমার দেশ।

Sunday, April 26, 2026

জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষের কার্যালয়ে বিএনপিকর্মী শাহাদত আলীকে চড় মারার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে আলেয়াকে জুতাপেটা করা বিএনপিকর্মী শাহাদত আলী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে দুর্গাপুর থানা পুলিশ রোববার পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি।

যদিও কলেজে ভাঙচুর ও নারী প্রদর্শককে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ওই বিএনপি কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি পুলিশের কাছে। তবে জুতাপেটা করা বিএনপি কর্মী শাহাদত আলী শাহাদ এলাকা ছেড়ে পালিয়েছেন।

গত ২৩ এপ্রিল তাফসির মাহফিলের জন্য চাঁদা নিতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন বিএনপি কর্মী শাহাদত ও কলেজের নারী প্রদর্শক হীরা। এ সময় শাহাদতের সঙ্গে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ওয়ার্ড বিএনপির নেতা আফাজ উদ্দিন, এজদার আলী এবং গ্রাম্য মাতুব্বর আব্দুস সামাদ দারোগাও তার সঙ্গে ছিলেন।

অধ্যক্ষের কক্ষে বিএনপিকর্মী শাহাদত আলী শাহাদ ও প্রদর্শক হীরার মধ্যে কথা কাটাকাটি এবং পরে জুতাপেটা ও মারপিটের ঘটনা ঘটে। তার আগে বিএনপি নেতাকর্মীরা কলেজ অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালায়।

এদিকে শনিবার বিএনপি নেতাকর্মীরা একটি সংবাদ সম্মেলন করেন। তারা অধ্যক্ষ ও প্রদর্শককে ৪৮ ঘণ্টার মধ্যে কলেজ থেকে অপসারণের আলটিমেটাম দেন। এলাকায় বিক্ষোভও করেন ওই দিন বিকালে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আছাদুজ্জামান রোববার দুপুরে কলেজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তবে তিনি কলেজে গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনকে পাননি। অসুস্থতার কারণে তারা অনুপস্থিত রয়েছেন বলে জানানো হয়।

কলেজ থেকে ফিরে রোববার বিকালে রাজশাহীতে মাউশি কার্যালয়ে অধ্যক্ষকে ডেকে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন পরিচালক মো. আছাদুজ্জামান।

পরিচালক আসাদুজ্জামান জানান, উচ্ছৃঙ্খল আচরণের

অভিযোগে আলেয়ার বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ হচ্ছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে অধ্যক্ষ ও প্রদর্শককে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং তাদের জন্য ২৪ ঘণ্টার সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে কলেজের পুকুর ইজারা নিয়ে পান চাষ করলেও কোনো টাকা দেয় না। তারা কলেজের জমিতে পুকুর খনন করেও অর্থ পরিশোধ করেনি। বরং দফায় দফায় এসে নানা অজুহাতে চাঁদা নিয়ে যায়। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মামলা না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা করলে সেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

রাজশাহীর দুর্গাপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, অধ্যক্ষ থানায় এসে জিডি করতে চাননি; অনলাইনে জিডি করতে চেয়েছিলেন; কিন্তু এ ধরনের বিষয়ে অনলাইনে জিডি করার সুযোগ না থাকায় তা করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, নারী প্রদর্শক আলেয়াকে জুতাপেটা করা বিএনপিকর্মী শাহাদত আলীর বিরুদ্ধে আগেই একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এখন বিষয়টি জানাজানির পর এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ আগে এ বিষয়ে অবগত না থাকলেও বর্তমানে বিষয়টি জানা গেছে এবং তাকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে শাহাদত আলীর দলে কোনো সাংগঠনিক পদ না থাকায় তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Thursday, March 26, 2026

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে জামায়াত এমপির ‘না’, শোনেননি ইউএনও

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে জামায়াত এমপির ‘না’, শোনেননি ইউএনও

অধ্যাপক মুজিবুর রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন। 

ইউএনও আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এমপির এমন নির্দেশনা না মেনেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করানো হয়।

ইউএনও সাংবাদিকদের জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের অনুষ্ঠানে শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে হবে, গীতা পাঠ করানো যাবে না। কয়েকদিন আগে মোবাইল ফোনে ইউএনওকে কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ও এমপি অধ্যাপক মুজিবুর রহমান এমন নির্দেশনা দেন। এরপর গতকাল ২৫ মার্চ সকালে গণহত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির নেতারা।

এসময় উপজেলা জামায়াত আমিরকে উদ্দেশ করে ইউএনও নাঈমা খান বলেন, ‘এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন। তাহলে আমরা কী করব?’ এমন প্রশ্নের জবাবে উপজেলা জামায়াতের আমির ইউএনওকে বলেন, ‘রাষ্ট্রীয় নিয়মে যেটা আছে সেটাই করবেন।’ 

এরপর আজ বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব।

তিনি ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না বলেছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।’

এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য নিতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান সাংবাদিকদের বলেন, ‘এমপি স্যার মোবাইল করে মহান স্বাধীনতা দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেন কয়েকদিন আগে। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে।

এ কারণে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান করা হয়েছে।’


সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ।

Saturday, February 28, 2026

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই ট্রাক বাড়ির ওপর, আহত ৩

সংগৃহীত ছবি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক রেললাইনের পাশের একটি বাড়ির ওপর পড়ে গেছে। এ সময় ওই বাড়ির তিনজন আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে রাত ১২টা পর্যন্ত রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে ওঠার পর ট্রাকটি সেখানে আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরই মধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি শাটল ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি খানিক দূরে ছিটকে গিয়ে পাশের একটি বসতবাড়ির ওপর পড়ে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Saturday, March 8, 2025

রাজশাহীতে ভবনে ঢুকে ‘হাওয়া’ আওয়ামী লীগ নেতা ব্যাটারি বাবু

রাজশাহীতে ভবনে ঢুকে ‘হাওয়া’ আওয়ামী লীগ নেতা ব্যাটারি বাবু

রাজশাহীতে ভবনে ঢুকে ‘হাওয়া’ আওয়ামী লীগ নেতা ব্যাটারি বাবু


তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহী শহরের একটি বহুতল ভবনে ঢুকে ‘হাওয়া’ হয়েছেন মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু নামে এক আওয়ামী লীগ নেতা। ভবনের নিরাপত্তা প্রহরীর খাতায় তার নাম ছিল। সিসি ক্যামেরার ফুটেজেও তাকে স্ত্রী-সন্তানদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ তল্লাশী অভিযানেও তাকে ওই ভবনে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ছাত্র-জনতা খবর পায় যে, ব্যাটারি বাবু শহরের কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে নিজের ফ্ল্যাটে উঠেছেন। এরপর ভবনটি ঘেরাও করে পুলিশ। ঘটনাস্থলে আসে ডিবি পুলিশ, ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও। শুক্রবার ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটি ঘিরে রেখে ভেতরে তল্লাশি অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি।

এদিকে ব্যাটারি বাবুর খোঁজ না পাওয়ায় ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাতে ভবনের সামনে এক নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘আমরা তাকে ঢুকতে দেখেছি। তারপর কিভাবে তিনি হাওয়া হয়ে গেলেন। তা বুঝতে পারছি না।’

এক শিক্ষার্থী জানান, ফ্ল্যাটের সামনে গেলে তার পরিবারের সদস্যরা পাঁচ লাখ টাকা দিতে চেয়েছিলেন, তাকে গ্রেপ্তার না করানোর জন্য। কিন্তু তারা টাকা না নিয়ে পুলিশকে খবর দিয়েছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ‘রাত ৩টা পর্যন্ত অভিযান চলেছে। কিন্তু আসামিকে ওই ভবনে খুঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা যায়, মোস্তাক আহমেদ বাবু শহরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি গত বছরের আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া, ব্যাটারি বাবু ২০০৩ সালে ক্রিকেটার জিকো হত্যার মামলার আসামি ছিলেন। ওই মামলার পর তিনি মধ্যপ্রাচ্যে পালিয়ে যান এবং ২০১২ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে ফিরে মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর ছত্রছায়ায় রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। মোস্তাক আহমেদ বাবু রাজশাহীতে একটি ব্যাটারি দোকান পরিচালনা করেন, নাম ‘সাব্বির আয়রন স্টোর’। এ কারণে তিনি ‘ব্যাটারি বাবু’ হিসেবে পরিচিত। ব্যাটারির ব্যবসা ছোট হলেও তিনি অত্যন্ত বিলাসী জীবনযাপন করেন। তার বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন কাজে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

Sunday, February 2, 2025

মহাসড়কে আলু ফেলে শুয়ে পড়লেন কৃষকরা

মহাসড়কে আলু ফেলে শুয়ে পড়লেন কৃষকরা

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহীতে মহাসড়কে আলু ফেলে শুয়ে পড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ কৃষকরা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলার মোহনপুর উপজেলা পরিষদের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

আলু সংরক্ষণে কোল্ড জেলার স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তারা এ কর্মসূচির ডাক দেন।

কৃষকরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। সম্প্রতি তা বৃদ্ধি করে ৮টা করে কোল্ড স্টোরেজের মালিকেরা।

আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ যাবার হুমকি দেন কৃষকেরা। এদিনের কর্মসূচিতে অন্তত ১ হাজার কৃষক অংশ নেন। পরে সেখানে তারা সমাবেশ করেন। সমাবেশে স্থানীয় রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য দেন। তারাও আলু সংরক্ষণ খরচ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।


Thursday, January 23, 2025

চেয়ারম্যানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা

চেয়ারম্যানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার ওরফে বাবুল দেওয়ানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, অভিযান শুরু করার কারণে অপহরণকারীরা বাবুলকে ছেড়ে দিয়েছে।

যদিও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বাবুল দেওয়ান মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন বলে বাঘার একাধিক সূত্র দাবি করেছে।

এ ব্যাপারে বাবুলের সঙ্গে কথা বলা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। বাবুলের দুজন নিকটাত্মীয়কে ফোন করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে চাননি।

ইউপি চেয়ারম্যান বাবুল দেওয়ান পদ্মা নদীর ওপারের চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় তেমন একটা যান না। রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, বাবুল দেওয়ানের স্ত্রী আমাদের খবর দেন যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। এর ফলে অপহরণকারীরা বাবুল দেওয়ানকে ছেড়ে দিয়েছে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বাবুল দেওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মাদ্রাসা মাঠ ও টি-বাঁধ এলাকায় নেওয়া হয়। পরে ভোররাতে বিনোদপুর এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পরিবার কোনো অভিযোগ করেনি।

কারা অপহরণ করেছিল জানতে চাইলে ওসি বলেন, এটা আমরা এখনো নিশ্চিত না। দুর্বৃত্তরা অপহরণ করেছিল বলা যায়। পরিবার অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নেব।

Saturday, January 18, 2025

রাজশাহীতে জামায়াতের আমীর - এত ক্ষমতাধর তবু পালালেন কেন

রাজশাহীতে জামায়াতের আমীর - এত ক্ষমতাধর তবু পালালেন কেন

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আওয়ামী লীগের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কেয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর মাদরাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল্লাহর হুকুম—যারা ন্যায়বিচারের প্রতি আছে, মানুষকে সম্মান করবে এবং যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেইজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে। আল্লাহ বলেছেন, ক্ষমতা আমি দিই, ক্ষমতা আমি কেড়ে নিই। ইজ্জত আমি দিই, ইজ্জত আমি কেড়ে নিই।

তিনি বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই। যে জাতি আল্লাহর শক্তিতে আলোকিত হবে। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মোমিনরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। মাথা নত করনি বলে একটানা সাড়ে পনেরো বছর আলেম-ওলামাদের ওপরে বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামাতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতাকর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।

জামায়াতে ইসলামীর আমির বলেন, সাড়ে ১৫টি বছর যে জাতির ওপর একটি জগদ্দল পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলামিন ৫ আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি করেছে। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত-পা টুকরো টুকরো, দুটি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এতে আমরা ব্যথিত নই। আমরা আল্লাহর দরবারে শোকর গুজার করি।

তিনি আরও বলেন, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাওয়ালা। সার্বভৌমত্বের একমাত্র অধিকার, একমাত্র আল্লাহ তাওয়ালার। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয়ই প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thursday, January 16, 2025

রাজশাহীতে  জামায়াতের কর্মী সম্মেলন শনিবার

রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন শনিবার

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী ১৮ জানুয়ারি (শনিবার) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়- সম্মেলন উপলক্ষ্যে সকাল নয়টায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামাতের আমির ড. শফিকুর রহমান। এ সম্মেলনসহ আরো কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে। দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকেল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

Sunday, January 5, 2025

রাজশাহীর ‘ভিভিআইপি’ সড়কে কিশোর গ্যাংয়ের তান্ডব!

রাজশাহীর ‘ভিভিআইপি’ সড়কে কিশোর গ্যাংয়ের তান্ডব!



তিস্তা নিউজ ডেস্ক : শুক্রবার (০৩ জানুয়ারি) রাত্রি ৯টার দিকে দেশিয় অস্ত্র-রড় ও লাঠিসোটা নিয়ে ত্রাশ সৃষ্টি করেছে কিশোর গ্যাং। নগরীর ‘ভিভিআইপি’ ও সুরক্ষিত এলাকা বলে বিবেচিত সার্কিট হাউস রোডে দেশীয় অস্ত্র হাতে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ভ্রামমান দোকান ও অর্ধশত প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পদ্মা পাড়ের মনোরম এই স্থানটি বিনোদনের জন্য বেশ সুপরিচিত।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, একটি চটপটি ও ফুসকার দোকানের স্থান ও ক্রেতাকে কেন্দ্র করে উভয় দোকানির মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে শ্রীরামপুর এলাকার ত্রিশ-চল্লিশজন কিশোর দরগাপাড়া এলাকার দুই কিশোরকে মারধর করে। তার কিছুক্ষণ পরেই দরগাপাড়া ও পাঠানপাড়ার প্রায় চল্লিশ পঞ্চাশজন কিশোররা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিশু একাডেমীর সামনে এসে শ্রীরামপুর এলাকার কিশোরদের খুজতে থাকে। প্রথমবস্থায় কাউকে না পেয়ে শ্রীরামপুর এলাকার রাতুল নামের এক ফুসকা বিক্রেতার দোকান ও শিমুলের দোকান ভাংচুর করে। কিশোর গ্যাংয়ের হুংকার আর দৌড়ঝাপে প্রায় চল্লিশ মিনিট স্থানটিতে বিরাজ করেছে ভয়ঙ্কর রূপ বলে মন্তব্য দর্শনার্থী ও ব্যবসায়ীদের। কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে তান্ডব চালানোবস্থায় শ্রীরামপুর এলাকার দুজনকে হাতের কাছে পেয়ে বেধরক মারধর করে বলে জানান স্থানীয়রা। ঐ সড়কে রয়েছে রাজশাহী বিভাগের সর্বোচ্চ উদ্ধতন কর্মকর্তাদের প্রায় দশ-পনেরটি বাংলো। এছাড়াও রয়েছে সার্কিট হাউস, শিশু একাডেমি, রিভারভিউ স্কুলসহ একাধীক বিনোদনকেন্দ্র।
উল্লেখ্য, সিএন্ডবি মোড় থেকে সার্কিট হাউস হয়ে পদ্মা নদীর পার পর্যন্ত রাস্তার দুইধার ও পদ্মানদীর বাধের উপরে অস্থায়ী দোকান বসানো কে কেন্দ্র করে প্রায়শই সেখানে ঘটে বিশৃঙ্খলা। যার কারনে, স্থানটিকে সুরক্ষিত ও কোলাহলমুক্ত রাখতে ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্ত উচ্ছেদের কয়েকদিন পরেই আবারো স্থানগুলো দখলে চলে যায়।

Wednesday, January 1, 2025

Tuesday, December 31, 2024