Showing posts with label যশোর. Show all posts
Showing posts with label যশোর. Show all posts

Friday, July 31, 2026

‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে

‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে

তিস্তা নিউজ ডেস্ক ঃ যশোরের মনিরামপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্দেশে দেওয়া হুঁশিয়ারিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু দাবি করেছেন, তার বক্তব্য ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং বাস্তব কোনো নির্দেশনা ছিল না।

জানা গেছে, গত ২৫ জুলাই ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির যৌথ সভায় বক্তব্য দেওয়ার সময় আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘আগামীকাল সকাল থেকে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা হবে। একজন জামায়াতে ইসলামের কোনো কর্মীকে যদি উপজেলার মাঠে পাই, হাত-পা ভেঙে দেওয়া হবে।’ ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একই বক্তব্যে তিনি উপস্থিত নারী সমর্থকদের জামায়াতে ইসলামীর ‘বিভ্রান্তিমূলক কথাবার্তা’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, ফিতরা এবং ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে ধর্মীয় প্রসঙ্গও তুলে ধরেন।

ভাইরাল বক্তব্যের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান মিন্টু বলেন, রাজনৈতিক মঞ্চে অনেক সময় রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। তার বক্তব্যকে বাস্তব কোনো নির্দেশনা বা সহিংসতার আহ্বান হিসেবে দেখার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা পরবর্তীতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় জামায়াতের প্রায় ১ হাজার ৩০০ জন এবং বিএনপির প্রায় ৭০০ জন সমর্থক অংশ নেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সবার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

মিন্টু বলেন, ২৯ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে বিষয়েও তারা সতর্ক ছিলেন বলে জানান তিনি।

এছাড়া, বিষয়টি নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার কথা হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকে তিনি জানিয়েছেন যে বক্তব্যটি ছিল রাজনৈতিক বক্তব্য এবং এ নিয়ে কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা শাখার আমির ও যশোর জেলা শূরা সদস্য সহকারী অধ্যাপক ফজলুর রহমান ব্যস্ততার কথা জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও, বক্তব্যটি রাজনৈতিক বক্তব্য ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা।

Sunday, June 14, 2026

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত


তিস্তা নিউজ ডেস্ক ঃ যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনসহ তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। নদ খননের মাটি নিলামের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, হাট ইজারাসহ বিতর্কিত কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ জুন) উপজেলা জামায়াতের সাংগঠনিক সভাশেষে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পদস্থগিত হওয়া অন্য দুই নেতা হলেন- জেলা শুরা সদস্য মহিউল ইসলাম ও পৌর টিম সদস্য ফারুক হোসেন।

পদ স্থগিতের বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে, তিন নেতার বিতর্কিত কর্মকাণ্ড ও পদ স্থগিতের বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল মণিরামপুরে হরিহর নদ খনন থেকে উত্তোলিত মাটি বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহসান হাবিব লিটন, মহিউল ইসলামসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই সময় উপজেলা জামায়াতের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বিএনপি ও জামায়াত পৃথকভাবে মণিরামপুর থানায় মামলা করলেও পরে তা আপস করেন দল দুটির নেতারা।

ওই ঘটনার পর বিষয়টির কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করে জেলা জামায়াত। যার প্রধান ছিলেন- জেলা কর্মপরিষদ সদস্য আরশাদুল আলম। সদস্য ছিলেন- জেলা সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম এবং দলটির সহযোগী সংগঠন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক।

তারা সরেজমিনে মণিরামপুরে গিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ সম্পর্কে অবহিত হন। তদন্তে আহসান হাবিব লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে। গত সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী গাজী এনামুল হক এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই লিটনের প্রশাসনিক প্রভাব খাটানো, গরুর হাট ইজারায় অংশগ্রহণের নামে অর্থ কামানোসহ তার নানা বিতর্কিত কাজের তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কমিটি।

এছাড়া ৩০ এপ্রিলের সংঘর্ষের ঘটনায় আহসান হাবিব লিটন, মহিউল ইসলাম এবং ফারুক হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণও মেলে। যার পরিপ্রেক্ষিতে জেলা জামায়াত এ তিন নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত ‘জরুরি দায়িত্বশীল বৈঠকে’ আহসান হাবিব লিটনকে দুই মাসের জন্য এবং মহিউল ইসলাম তিনমাস ও ফারুক হোসেনকে দুই মাসের জন্য দলীয় পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সভায় ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা আমির ফজলুল হক ওই সময় ঢাকায় দলীয় বৈঠকে অবস্থান করায় জেলার জামায়াতের সিদ্ধান্তের বিষয়টি উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিষয়টি প্রথমদিকে চাপা থাকলেও এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

এ বিষয়ে জানতে শাস্তিপ্রাপ্ত সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটনকে মোবাইলে কল দিলে তিনি প্রথমে রিসিভ করেননি। এরপর কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির ফজলুল হক বলেন, দলের অভ্যন্তরীণ বিষয়ে আমি সাংবাদিকদের কোনো কথা বলতে চাই না।

তবে, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রধান আরশাদুল আলম স্থানীয় সাংবাদিকদের জানান, মণিরামপুরের তিন নেতার দুই ও তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে। কী কারণে স্থগিত করা হয়েছে, তা তিনি বলেননি।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাসের সঙ্গে। তিনি  বলেন, দলের ভেতরে কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এটি দলের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাই না।


সূত্রঃ দৈনিক যুগান্তর।

Sunday, April 5, 2026

কেশবপুরে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে মজুদের সময় ধরা

কেশবপুরে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে মজুদের সময় ধরা

 তিস্তা নিউজ ডেস্ক ঃ যশোরের কেশবপুরে মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদকালে হৃদয় রায় (২৪) নামের এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপার মার্কেটের গলির ভেতরে তেল মজুদকালে তাকে হাতেনাতে ধরা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে হৃদয় রায়। শনিবার রাতে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপারমার্কেটের গলির ভেতরে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদ করছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন তাকে হাতেনাতে ধরে ফেলেন।

জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে তিনি ভ্রাম্যমাণ আদালতে হৃদয় রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া তার কাছ থেকে ৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, ‘জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার কাছ থেকে জব্দ ৪ লিটার তেল স্থানীয় ফিলিং স্টেশনে বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

Thursday, January 23, 2025

সভার মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় ডিসির পদত্যাগ দাবি

সভার মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধির চেয়ার না রাখায় ডিসির পদত্যাগ দাবি

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ যশোর শিল্পকলা একাডেমিতে “তারণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ওই সভার মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বসার চেয়ার না রাখায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ করেন তারা। এ দিন বিকেলে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জানা গেছে, বিক্ষোভ মিছিলে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসহ তাকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। তার আশ্বাসের পর শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত করেছেন।

সেমিনার ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলে মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বসার চেয়ার না রাখায় শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এরপর শিল্পকলা একাডেমির ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকে উদ্দেশ্য করে নানা স্লোগান দিতে থাকেন। পরে ডিসিকে প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা বলেন, “যে অনুষ্ঠান তরুণদের নিয়ে; সেই অনুষ্ঠানে তারা উপেক্ষিত। জুলাই বিপ্লব এনেছে তরুণরা। আমাদের সঙ্গে যে আচরণ করা হলো; সেটা অগ্রহণযোগ্য। অনুষ্ঠান মঞ্চে প্রতিটি রাজনৈতিক দলের নেতারা জায়গা পেয়েছেন; কিন্তু জুলাই-আগস্ট বিপ্লবে যা নেতৃত্ব দিয়েছেন তারা উপেক্ষিত কেন?”

সংগঠনটির মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ বলেন, “আমাদের রক্তের ওপরে দাঁড়িয়ে এইসব কর্মকর্তা বড় বড় চেয়ারে বসে আছেন; সেখানে আমাদের কেন অবমূল্যায়ন করা হলো।”

এদিকে শিল্পকলা একাডেমি চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সার্কিট হাউজে সমবেত হন। পরে সার্কিট হাউজ সভাকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এ সময় বিভাগীয় কমিশনারের আশ্বাসে শিক্ষার্থীরা অনুষ্ঠান বয়কট আপাতত স্থগিত করেন।

Tuesday, January 21, 2025

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার

জামায়াত নেতার মাছ লুট, বিএনপির দুই নেতা বহিষ্কার




তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মণিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন, মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব। বহিষ্কৃত দু’জন কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোমবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুহক সাবু সাংবাদিকদের জানান, দলের কঠোর নির্দেশনা রয়েছে, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলের যেই হোক না কেন; দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই আমরা বহিষ্কার করছি।

বহিষ্কৃত ওই দুজনের বিরুদ্ধে ১৮ জানুয়ারি মাছ বিক্রির অভিযোগ ওঠে।

স্থানীয় রাজনীতিকরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার সঙ্গে সঙ্গেই তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের কাছ থেকে মাছ বিক্রির টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Wednesday, January 1, 2025