Showing posts with label হবিগঞ্জ. Show all posts
Showing posts with label হবিগঞ্জ. Show all posts

Saturday, February 7, 2026

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

ডাঃ শফিকুর রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তার ভাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তবে বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তিনি (ভাই) হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।


ডা. শফিকুর রহমান বলেন, এখনো মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির। মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একেবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ কি সবাই চেয়েছে? তিনি বলেন, আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন। অথবা তাদের সন্তানরা আছেন। আমিও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না।


জামায়াত আমির বলেন, এ দেশের মানুষের কপাল বদলায় না কেন? না বদলানোর মূল কারণ হলে অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন একেকজন পীর, দরবেশ, আউলিয়া হিসেবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। নির্বাচনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা, পদ্মা, সুরমা, কুশিয়ারা বয়ে দেয়। কিন্তু যখন নির্বাচন চলে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না।


ক্ষমতায় আসলে জামায়াত নিরাপদে সব ধর্মের উৎসব পালন করার বিষয় নিশ্চিত করবে বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার ইসলাম সমর্থন করে না। তাই ৫ আগস্টের পর ভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে জামায়াতে ইসলামীর কর্মীরা। ধর্মীয় পরিচয়ের কারণে আমরা আর কাউকে বঞ্চিত হতে দেব না। সব ধর্ম নিরাপদে তাদের উৎসব পালন করার বিষয়ে নিশ্চিত করবো।

Sunday, January 4, 2026

মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত

মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত

ফাইল ছবি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটকের ১৫ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত।

রোববার ( ৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাকে থানা হাজতে নেওয়া হয়। পরে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


মাহদী হাসানকে আটকের পর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তাঁরা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান।


এদিকে ওসির সঙ্গে মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন।

আপনি (ওসি) বলেছেন, “আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে? ”একপর্যায়ে মাহদী হাসান বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোন সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’

Sunday, December 21, 2025

ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

ভালোবাসায় নির্বাচনে এসেছি: গিয়াস উদ্দিন তাহেরি

তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মনোনয়ন পেয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেছেন, আমি নির্বাচিত হলে চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকসহ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করব।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।গিয়াস উদ্দিন তাহেরি বলেন, আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অনেক নেতাকর্মী।

Monday, February 24, 2025

বাহুবলে জামায়াত নেত্রী খুন

বাহুবলে জামায়াত নেত্রী খুন



তিস্তা নিউজ ডেস্ক ঃ হবিগঞ্জের বাহুবলে স্কুল শিক্ষিকা ও উপজেলা জামায়াতের মহিলা ইউনিটের দায়িত্বশীল মিনারা আক্তারের হত্যার ঘটনায় তোলপাড় চলছে। ঘটনার দু’দিন অতিবাহিত হলেও রহস্য উদ্‌ঘাটন বা কাউকে গ্রেপ্তারে সক্ষম হয়নি পুলিশ। গত শুক্রবার নিজ গৃহে আলোচিত ওই খুনের ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে সিলেট বিভাগ জামায়াতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ পুলিশ সুপারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঞ্চল্যকর ওই ঘটনাকে টার্গেট কিলিং হিসেবে অভিহিত করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। স্থানীয় জামায়াতের তরফে আলোচিত ঘটনাকে আওয়ামী দোসর চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। 

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় জামায়াত নেত্রী মিনারাকে হত্যা করা হলেও (৩৫) অক্ষত ছিল তার সাত মাস বয়সী শিশু। ঘটনার পর ওই শিশুকে অক্ষত অবস্থায় খাটের নিচে পাওয়া গেছে। এ সময় কোনো মালামাল লুট হয়নি। নিহত মিনারার স্বামী আব্দুল আহাদ উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং জামায়াত সমর্থিত শ্রমিক ফেডারেশনের সভাপতি। তাদের সঙ্গে স্থানীয় কারও কোনো বিরোধ ছিল না। পরিবারও কাউকে সন্দেহ করতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায়, সম্প্রতি পশ্চিম জয়পুর গ্রামের সোহান ও বুরহান চৌধুরীর কাছ থেকে ৩ শতক ১০ পয়েন্ট জমি ক্রয় করেন জামায়াত নেতা আব্দুল আহাদ। ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ শুরু করেন। ইটের গাঁথুনি আর দরজা জানালার কাজ শেষে কয়েক মাস ধরে গৃহে বসবাস শুরু করেন। ওই জমি শাহজাহান নামের প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা ক্রয়ে আগ্রহ ছিলেন। উপযুক্ত মূল্য নিয়ে আশঙ্কা থাকায় বিক্রেতা তার কাছে বিক্রয়ে অনীহা প্রকাশ করেন।

জামায়াত সূত্র জানায়, মিনারা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রুকন (সদস্য) এবং উপজেলা মহিলা ইউনিটের দায়িত্বশীল ছাড়াও বাহুবলের মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা ছিলেন। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হন নিহতের স্বামী আব্দুল আহাদ। এ সময় মিনারার সঙ্গে তার সাত মাস বয়সী শিশু সন্তান ছিল। বড় মেয়ে বাড়িতে ছিল না। সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী বলেন, চাঞ্চল্যকর ওই ঘটনার দুইদিন অতিবাহিত হলেও রহস্য উদ্‌ঘাটনে অগ্রগতি হয়নি। প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না। এলাকায় বখাটে, মাদকাসক্ত, পাতি নেতা, বড় নেতা, সবার প্রতি নজরদারি রাখতে হবে। দ্রুত হবিগঞ্জ জেলার সকল উপজেলাসহ এলাকার সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আলোচনার মধ্যদিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মিনারার স্বামী আব্দুল আহাদ বলেন, চার মাস আগে এখানে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেছি। আমার কোনো শত্রু নেই। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনুক। হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে।

Wednesday, January 1, 2025