Showing posts with label ময়মনসিংহ. Show all posts
Showing posts with label ময়মনসিংহ. Show all posts

Wednesday, January 28, 2026

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত


তিস্তা নিউজ ডেস্ক ঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

জানা যায়, বিকেল থেকে রাত পর্যন্ত চলা এ সহিংসতায় অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও রয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। সংঘর্ষে দুই সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যমকর্মীও আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে থেকেই মঞ্চের সামনে আসন গ্রহণ করেন। পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকেরা মাঠে পৌঁছালে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রথম দফার সংঘর্ষের পর সন্ধ্যার দিকে জামায়াত প্রার্থী তার সমর্থকদের নিয়ে স্টেডিয়াম এলাকা থেকে বাজারের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। বাধা অতিক্রমের চেষ্টা করলে দ্বিতীয় দফায় আরও বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর রাতে জেলা জামায়াতে ইসলামী এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। পরে মাইসাহেবা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে সংগঠনটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কোনও পক্ষ মামলা করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

Friday, October 3, 2025

ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তন না হলে ভরাডুবি অনিবার্য জামায়াতের

ফুলবাড়ীয়ায় মনোনয়ন পরিবর্তন না হলে ভরাডুবি অনিবার্য জামায়াতের



তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের পরিবর্তে দীর্ঘ পরীক্ষিত নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিনকে প্রার্থী করার দাবিতে সম্প্রতি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয়দের দাবি, মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনে জামায়াতের ভরাডুবি অনিবার্য।

বিক্ষোভ মিছিলে উপস্থিত 'ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র আহ্বায়ক মো. রবিউল আলম বলেন, ‘ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পরিবর্তন করে অধ্যাপক মো. জসিম উদ্দিনের মনোনয়নের দাবিতে সাধারণ মানুষ এই বিক্ষোভ মিছিলটি করেছে।’

তিনি উল্লেখ করেন, ফুলবাড়ীয়ায় জামায়াত মানেই অধ্যাপক জসিম উদ্দিন; সবাই তাকে চেনে ও শ্রদ্ধা করে।

বক্তারা কেন্দ্রীয় সংগঠনের কাছে মাঠ জরিপ করে অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে মিছিলে অংশগ্রহণকারী বক্তারা তার জনপ্রিয়তার কথা তুলে ধরেন।

ছাত্র শিবির ফুলবাড়ীয়া থানার সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু বলেন, ‘অধ্যাপক জসিম উদ্দিন শুধু একজন নেতা নন, তিনি ফুলবাড়ীয়ার জামায়াতের ইতিহাসের অংশ। বছরের পর বছর তিনি জনগণের পাশে থেকেছেন এবং রাজনৈতিক নিপীড়ন সহ্য করেছেন। তার মতো পরীক্ষিত, ক্লিন-ইমেজ এবং জন-সম্পৃক্ত নেতাকেই দলীয় প্রতীক দেয়া উচিত। মাঠের বাস্তবতা হলো, জসিম স্যারকে ছাড়া এই আসনে জয়লাভের চিন্তা করা অলীক কল্পনা মাত্র।’

আরেকজন স্থানীয় নেতা এ কে এম মোফাজ্জল হক তারা তার বক্তব্যে বলেন, ‘আমরা কেন্দ্রে স্পষ্টভাবে জানাতে চাই—ফুলবাড়ীয়া আসনে অধ্যাপক জসিম উদ্দিনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। অতীতে তিনি দলের জন্য কী করেছেন, তা ফুলবাড়ীয়ার মানুষ জানে। দল যদি জয়ের মুখ দেখতে চায়, তবে কেন্দ্রীয় নেতৃত্বকে অবশ্যই স্থানীয় মানুষের এই আবেগ ও দাবির প্রতি সম্মান জানাতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এর ফল হবে ভোটের ভরাডুবি।’

এ বিষয়ে বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন বিক্ষোভকারীদের গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘যারা মিছিল করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদধারী নেতা নন, সমর্থক হতে পারেন। এসব করে কোনো লাভ হবে না।’

অন্যদিকে, ফুলবাড়ীয়া উপজেলা সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর ছেড়ে দিলেও অধ্যাপক জসিম উদ্দিনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি অধ্যাপক জসীমউদ্দীন স্বতন্ত্র নির্বাচন করেন, দল থেকে স্থায়ীভাবে পরিষ্কার (বহিষ্কার) হবেন।’

এই পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মো. জসিম উদ্দিন বিক্ষুব্ধ সমর্থকদের প্রতি সংবেদনশীলতা দেখিয়েছেন। তিনি বলেন, ‘যারা বিক্ষুব্ধ হয়েছে, তারা আমাদের দলেরই লোক। তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করতে হবে, কোনো পুলিশি আচরণ করা যাবে না।’

নেতাদের মধ্যে সৃষ্ট এই অসন্তোষ দ্রুত নিরসন করে অধ্যাপক জসিম উদ্দিনকে মনোনয়ন দিয়ে ঐক্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় জামায়াত কর্মীরা। তারা আশা করেন, কেন্দ্রীয় সংগঠন মাঠের প্রকৃত চিত্র মূল্যায়ন করে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


সূত্রঃ দৈনিক আমার দেশ।

Sunday, January 5, 2025

ময়মনসিংহে তারেক রহমানের পক্ষে শীত বস্ত্র বিতরণ

ময়মনসিংহে তারেক রহমানের পক্ষে শীত বস্ত্র বিতরণ

 
 সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তিস্তা নিউজ ডেস্ক : বিএনপি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখবে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, তারেক রহমান একজন মানবিক নেতা। জনগণের রায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ও জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, পল্লী রেশন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, বেকার ভাতা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, অবৈতনিক শিক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ভর্তুকি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিএনপি সরকার অবদান রাখবে।

তিনি আরও বলেন, অসহায় মুহূর্তে যারা জনগণের পাশে থাকে, তারাই জনগণের বন্ধু। জনগণের অধিকার আদায়ে এবং দেশ গঠনে বিএনপি নেতাকর্মীরা যেমন জীবনবাজি রেখে কাজ করেন, তেমনি দুর্যোগ-দুর্বিপাকে, সুখ-দুঃখে জনগণের পাশে থাকেন।

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, গোয়াতলা ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক হোসেন, বাঘবেড় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পুড়াকান্দুলিয়া বিএনপি নেতা আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।

Wednesday, January 1, 2025

Tuesday, December 31, 2024