Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Wednesday, November 11, 2026

জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের

জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের

তিস্তা নিউজ ডেস্ক ঃ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এবং বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে রংপুর বিভাগের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের।

২০২৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত রংপুর বিভাগের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৫টি ছাড়াও পঞ্চগড়ের দুটি, দিনাজপুর, গাইবান্ধা এবং নীলফামারীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

তালিকায় থাকা ঠাকুরগাঁওয়ের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, রুহিয়া উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এবং বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।


সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা পঞ্চগড়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- বোদা পাইলট বালিকা বিদ্যালয় এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউশন (স্কুল শাখা)।


এ ছাড়া নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার আর এ গণি স্কুল এন্ড কলেজ এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।


Monday, November 2, 2026

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর, বরাদ্দ চেয়ে চিঠি

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে সুখবর, বরাদ্দ চেয়ে চিঠি

তিস্তা নিউজ ডেস্ক ঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবকে এই চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর অবদান অপরিসীম। সারাদেশের শিক্ষকদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধিসহ তাদের কল্যাণ এবং সার্বিক পরিসেবা উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধি করছে। এতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও তাদের পেশাদারত্বের মান বৃদ্ধি পাবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ভাতা পাচ্ছে। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ এবং বেসরকারি কলেজগুলো অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকাসহ সর্বোমোট প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা দেওয়া প্রয়োজন।

এমন অবস্থায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের চিঠির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি লিখেছেন, ‘৩২৬৭ কোটি ৯০ লক্ষ টাকা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল অন্তর্ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রনালয় থেকে অর্থ মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, বেসরকারি শিক্ষকদের সকল দাবি পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’



Saturday, October 31, 2026

নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ

নীলফামারীর ১১ কলেজে ১১৫ শিক্ষার্থী, পাস করেননি কেউ

মাহমুদ আল হাছান ঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর ১১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৪৯টি কলেজে পাসের হার শূন্য। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের কলেজের সংখ্যা বেড়েছে ছয়টি। বোর্ডে মোট ২৯০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে নীলফামারী জেলার পরীক্ষার্থী ১১৫ জন।

শূন্য পাসের তালিকায় থাকা কলেজগুলোর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেরি মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল ও কলেজ; সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল ও কলেজ, রতনীবাড়ী স্কুল ও কলেজ, লক্ষ্মীচাপা সৃজনশীল কলেজ ও গয়াখারবাড়ী মহিলা কলেজ; ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয় ও বাগডোকরা নিমোজখান হাই স্কুল ও কলেজ; জলঢাকা উপজেলার সামিরউদ্দীন আদর্শ হাই স্কুল ও কলেজ এবং ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল ও কলেজ ও জেলা পরিষদ স্কুল ও কলেজ।


এ বিষয়ে জানতে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় তথ্যগুলো তুলে ধরা হয়।

কর্মপরিকল্পনায় বলা হয়, আগামী ৩ নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরুর আগেই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে আগামীকাল ১ নভেম্বর থেকে। যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

কর্মপরিকল্পনায় আরও বলা হয়, প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন অনেক পরীক্ষার্থী। এর মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Saturday, October 24, 2026

আইডিইবি'র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন ।

আইডিইবি'র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন ।

তিস্তা নিউজ ডেস্ক :  ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’ (আইডিইবি) এর ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়।

​অনুমোদিত এ কমিটিতে প্রকৌশলী কবীর হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে হেড কোয়ার্টারের যুগ্ম আহ্বায়ক ও ঠাকুরগাঁও এর কৃতি সন্তান প্রকৌশলী আবেদুর রহমানকে ময়মনসিংহের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।


​সংগঠনটির এই নতুন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের প্রতিনিধিত্বকারী 'যুগ্ম আহ্বায়ক (রংপুর)' পদে মনোনীত হয়েছেন, নীলফামারীর জলঢাকা উপজেলার  প্রকৌশলী সেলিমুর রহমান (সদস্য নং ২৭০৩৪)।

​আইডিইবি'র কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে প্রকৌশলী সেলিমুর রহমান নির্বাচিত হওয়ায় 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা আহবায়ক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন ও 'সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট'-এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর এই নেতৃত্বে রংপুর বিভাগসহ সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।


​সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, এই অন্তর্বর্তীকালীন কমিটি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করবে এবং আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত মেয়াদে তাদের দায়িত্ব পালন করবে। এই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার শর্ত দেওয়া হয়েছে।

Tuesday, August 11, 2026

এসএসসি'র প্রকাশিত ফলাফলে বিপর্যয় দায় কার?

এসএসসি'র প্রকাশিত ফলাফলে বিপর্যয় দায় কার?

 


মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজ : গতকাল ১০ আগস্ট এসএসসি ও এসএসসি সমমান দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী দেখা যায় সারাদেশের মোট এক তৃতীয়াংশেরও বেশী পরীক্ষার্থী ফেইল করেছে। বিগত কয়েক বছরের তুলনায় এসএসসি পরীক্ষায় এ রকম ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে- এটি ফলাফল বিপর্যয় আবার কেউ বলছে এটিই বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার বাস্তব চিত্র।


বিগত এসএসসি পরীক্ষায় সারাদেশে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এর মধ্যে ১২ লাখ ৫৯ হাজার ৯৮৬ জন পরীক্ষার্থী উত্তীর্ন হয়েছে। ০৭ লাখ ৬৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থী ফেল করার ফলে শিক্ষার প্রথম ধাপেই ঝরে পড়ার হার ব্যাপকভাবে বেড়ে গেলো।

এসএসসি সমমান পরীক্ষার ফলাফলে গড়ে সারাদেশে ৬২% শিক্ষার্থী পাশ করেছে। ১১টি বোর্ডের মধ্যে সর্ব্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে ঢাকা বোর্ডে। এই বোর্ডের পাশের হার ৭১% এবং সর্বনিম্ন পাশের হার কুমিল্লা শিক্ষাবোর্ডে, এই বোর্ডের পাশের হার ৫১%। দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে ৫৮% শিক্ষার্থী পাশ করেছে।


ঘোষিত ফলাফলে দেখা যায় দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে মোট এক লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে এবং এক লাখ শার হাজার ৯৬২ জন শিক্ষার্থী উত্তীর্ন হয়েছে। এই বোর্ডে ৬৩% ছাত্রী ও ৫৩% ছাত্র পাশ করেছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার আশাব্যঞ্জক। যদিও এই বোর্ডের ১৮টি বিদ্যালয় থেকে কোনো ছাত্রছাত্রীই পাশ করতে পারে নাই। এর মধ্যে নীলফামারী জেলার ডোমার উপজেলার আমবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে একজন ছাত্রছাত্রীও পাশ করতে পারে নাই।


দেশে এসএসসি পরীক্ষার এই ফল বিপর্যয়ের বিষয়ে গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান স্যারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান- ক্লাস টেনে উঠবার পরে ছাত্রছাত্রীদের আর ক্লাসে পাওয়া যায় না। তারা বিভিন্ন কোচিং টিউশনিতে ব্যাস্ত হয়ে পড়ে। অভিভাবকদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেও ছাত্রছাত্রীদের আর বিদ্যালয়মুখী করা যায় না। এরাই এই ফলাফল বিপর্যয়ের প্রধান কারন। এছাড়া গ্রামের স্কুলগুলোর অধিকাংশ শিক্ষার্থী লেখাপড়ার বাইরে দেশের বিভিন্ন জায়গায় কাজ করার জন্যে চলে যায় এবং পরীক্ষার সময় এসে ফরম পুরন করে পরীক্ষায় অংগ্রহন করে। দেশের সাধারন মানুষের এই আর্থ-সামাজীক অবস্থাও এসএসসির ফলাফল বিপর্যয়ের অন্যতম কারন। 


জলঢাকা অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান চৌধুরী বলেন- তথ্য প্রযুক্তির অবাধ ব্যাবহার, অতিরিক্ত ডিজিটালাইজেশান, এবং অভিভাবকদের উদাসীনতাই এসএসসির এই ফলাফল বিপর্যয় ডেকে এনেছে।

Monday, August 10, 2026

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

 

শিক্ষা মন্ত্রী 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুলক হক মিলন। সোমবার তিনি মানবজমিনকে বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়।

এনটিআরসিএ’র কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।


এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

তিস্তা নিউজ ডেস্ক ঃ এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে ৩১২ প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।

এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সারা দেশে মোট ৩০ হাজার ৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৬৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

গতবার সারা দেশে মোট ৩০ হাজার ৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া ৯৮৪ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

Tuesday, July 21, 2026

পে স্কেল স্থগিতের পরামর্শ আইএমএফের, শক্ত অবস্থানে সরকার

পে স্কেল স্থগিতের পরামর্শ আইএমএফের, শক্ত অবস্থানে সরকার

তিস্তা নিউজ ডেস্ক ঃ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সরকারের নীতিনির্ধারকরা এবার বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আইএমএফের সেই পরামর্শকে খুব একটা আমলে নিচ্ছেন না।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাজেটে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসার সুযোগ নেই।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গত ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে। সফরকালে তারা অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে।

বৈঠকে আইএমএফ নতুন পে স্কেলের অগ্রগতি ও এর সম্ভাব্য আর্থিক প্রভাব সম্পর্কে জানতে চায়।

জবাবে অর্থ বিভাগ জানায়, গত ১২ বছর ধরে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিকল্প নেই।

অর্থ বিভাগ জানায়, পূর্ণাঙ্গভাবে নতুন পে স্কেল বাস্তবায়নে প্রায় ১ লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। তবে এটি একবারে নয়, দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

ফলে শুরুতেই পুরো অর্থের প্রয়োজন হবে না।

আলোচনায় আইএমএফের পক্ষ থেকে বলা হয়, সরকার যখন নতুন ঋণের জন্য সংস্থাটির সহায়তা চাইছে, তখন বড় আকারের ব্যয় বৃদ্ধি আর্থিক চাপ বাড়াতে পারে। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ঋণের প্রয়োজন আরো বাড়তে পারে। এ কারণে বাস্তবায়ন কিছু সময়ের জন্য স্থগিত রাখা সম্ভব কি না, সে বিষয়ে জানতে চায় আইএমএফ।


জবাবে অর্থ বিভাগ জানায়, সরকার নীতিগতভাবে জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে এবং বাজেটেও এ ঘোষণা দেওয়া হয়েছে।

ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে এ বিষয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাই এখন বাস্তবায়ন স্থগিত করা সম্ভব নয়।

নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, আইএমএফ সরাসরি পে স্কেল স্থগিতের কথা বলেনি। তবে আলোচনায় তারা এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের উৎস এবং এর ফলে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে।


অর্থ বিভাগের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর সাময়িক চাপ তৈরি হতে পারে। ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল কার্যকরের সময়ও এমন প্রভাব দেখা গিয়েছিল, যদিও তা প্রায় তিন মাস স্থায়ী ছিল।


বর্তমানে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় এবার এর প্রভাব ছয় থেকে সাত মাস পর্যন্ত থাকতে পারে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে সরকারের ধারণা। এ বিষয়ে প্রস্তুত করা একটি বিশ্লেষণপত্রও আইএমএফ প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেছে অর্থ বিভাগ।


জানা গেছে, প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ ভাগ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ ভাগ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

Monday, April 27, 2026

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগের বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রাথমিকের সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টি রিভিউ হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল রোববার একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট রয়েছে। আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে। এটি জরুরি। আমরা নিয়োগ প্রক্রিয়া রিভিউ করছি না।

তিনি আরো বলেন, ‘প্রাথমিকের নিয়োগ নিয়ে গত সপ্তাহে আমরা সভা করেছি। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা ছিলেন। সেখানে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ, নিয়োগে আমরা হাত দেব না।’

এর আগে যদিও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিভিউ করা হতে পারে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে গত সপ্তাহের শেষ দিকে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ রিভিউ প্রক্রিয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষ ফাঁকা। আমাদের দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় ভুল হয়নি আমি এমনটি বলছি না; ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে যে প্রতিবেদন আমরা পেয়েছি, সেটাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ন্যূনতম আস্থা আমরা রাখতে পারি।’

জানা গেছে, গত ৫ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রথম ধাপ এবং ১২ নভেম্বর দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ১৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এরপর ২ জানুয়ারি লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পরীক্ষার তারিখ পিছিয়ে ৯ জানুয়ারি করা হয়।

গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এরপর গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চূড়ান্ত ফল প্রকাশের আড়াই মাসের বেশি হলেও এখনো প্রার্থীদের যোগদানপত্র দেওয়া হয়নি। এতে গতকাল রোববার সকাল থেকে শাহাবাগে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা। পরে দুপুরে সচিবালয়ে তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে করে গণশিক্ষা প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন তিনি।

Wednesday, April 8, 2026

জাল সনদধারী শিক্ষকদের ‘দুঃসংবাদ’ দিলেন শিক্ষামন্ত্রী

জাল সনদধারী শিক্ষকদের ‘দুঃসংবাদ’ দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক

তিস্তা নিউজ ডেস্ক ঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

Tuesday, March 31, 2026

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে


তিস্তা নিউজ ডেস্ক ঃ ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে, মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই ২ ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে। 

শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।

Monday, March 30, 2026

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার


তিস্তা নিউজ ডেস্ক ঃ মধ্যপ্রাচ্যে সৃষ্ট সঙ্কটের প্রভাবে জ্বালানি তেলের নতুন সরবরাহ কম। এমন পরিস্থিতি মোকাবেলায় দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে সরকার। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের।

একই সঙ্গে বাসা থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি অথবা অফিসের সময়সূচি পরিবর্তনের কথাও ভাবা হচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে সব সরকারি সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। আগামী মন্ত্রিসভা বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

Wednesday, February 18, 2026

কলেজ-মাদরাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ, স্কুলের কবে থেকে

কলেজ-মাদরাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ, স্কুলের কবে থেকে


তিস্তা নিউজ ডেস্ক ঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় বুধবার(১৮ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলোতে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে কলেজগুলোতে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের জন্য সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এসব ছুটি প্রদান করতে পারবেন।

Sunday, November 9, 2025

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বেকায়দায় সারাদেশের শিক্ষার্থীরা

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, বেকায়দায় সারাদেশের শিক্ষার্থীরা


তিস্তা নিউজ ডেস্ক ঃ দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে সারাদেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন। 

তিনি বলেন, দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে।

এর আগে বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন।
শামসুদ্দিন মাসুদ বলেন, শিক্ষকদের ওপর পুলিশ রাবার বুলেট ছুড়েছে, শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর শাহবাগ এলাকা ছেড়ে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- ১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান; ২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান; ৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ফলে কর্মবিরতিতে আজ থেকেই এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এর আগে, চলতি বছরের ২৪ এপ্রিল সরকার প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। কিন্তু এই পদক্ষেপে সহকারী শিক্ষকরা বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলনে নামেন।

এদিকে, সহকারী শিক্ষকদের আরেকটি অংশ ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর ব্যানারে ১৫ নভেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা দিয়েছে। তাদের তিন দাবি বাস্তবায়ন না হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

তারা আরও জানিয়েছে, ১১ ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচিতে যাবেন শিক্ষকরা।

Sunday, October 19, 2025

শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন কবে থেকে কার্যকর, জানালো সরকার

শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন কবে থেকে কার্যকর, জানালো সরকার


তিস্তা নিউজ ডেস্ক ঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়—সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো।

শর্তসমূহের মধ্যে রয়েছে—বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১', ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;

তৃতীয়ত, বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না;

চতুর্থ, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে; সর্বশেষ শর্ত হচ্ছে—এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন; এ আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

Friday, September 12, 2025

জাকসুর ভোটগণনা: অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন -সহকারী অধ্যাপক

জাকসুর ভোটগণনা: অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন -সহকারী অধ্যাপক



তিস্তা নিউজ ডেস্ক ঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে প্রীতিলতা হলের জান্নাতুল ফেরদৌস নামের এক পোলিং অফিসার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে জাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

জানা গেছে, দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন ।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন—ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে এম্বুলেন্স যোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত।

Monday, September 1, 2025

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিতে বাদ যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা

এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কমিটিতে বাদ যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিরা







তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি/অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত নীতিমালা সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত নীতিমালা  জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল। সেই ৮ টি প্রস্তাবের মধ্যে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ গভর্নিং বডি ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছিল। 

সম্প্রতি সংস্কার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌছার পাঁচ কর্মদিবসের মধ্যে ভেটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৫ কর্মদিবসের মধ্যে তা জারি করবে। নীতিমালা জারির এক মাসের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো প্রস্তাবে  রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করে তা পাঠানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য সুপারিশ করা হয়েছে। 

রবিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তিদের থাকার সুযোগ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’

Thursday, July 10, 2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ



তিস্তা নিউজ ডেস্ক ঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। অতীতে কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষাবোর্ড থেকে আলাদাভাবে ফল প্রকাশ করা হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বেলা ২টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

জানা গেছে, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে। আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না। ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের সময়ও জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এজন্য আবেদন নেওয়া হবে। আবেদনপদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

ফল জানবেন যেভাবে: আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC Dha ১২৩৪৫৬ ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল। দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

Thursday, June 26, 2025

আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা



তিস্তা নিউজ ডেস্ক ঃ করোনাভাইরাসের প্রকোপের মধ্যে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)।  
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।
তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে সকাল ১০টা থেকে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের অধীন আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হবে।
করোনার মধ্যে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে আন্তঃশিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।
মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।
করোনার মধ্যে পরীক্ষার কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রের সামনে যেন জটলা না থাকে, তা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের অভ্যন্তর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধন ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষা শুরুর কমপক্ষে আধাঘণ্টা আগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।