Showing posts with label নাটোর. Show all posts
Showing posts with label নাটোর. Show all posts

Saturday, April 11, 2026

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী


ফারজানা সিথী
    
তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী। তিনি বলেন, ‘আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী আমি চূড়ান্তভাবে মনোনীত হবো।’

এর আগে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় আলোচনায় আসেন ফারজানা সিথী।

জানা যায়, ফারজানা সিথীর বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

Friday, January 9, 2026

বর্তমান বাংলাদেশে কোন রাজাকার নেই: জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান

বর্তমান বাংলাদেশে কোন রাজাকার নেই: জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান


তিস্তা নিউজ ডেস্ক ঃ পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না, এ কথা ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকারী ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তিনি দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত রোকন সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় আখতারুজ্জামান বলেন, রাজাকার, আল-বদর ও আল-শামস ছিল পাকিস্তানিবাহিনীর সহযোগী সংগঠন এবং তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে। তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই।

তিনি আরও বলেন, আমাদের শত্রু ছিল পাকিস্তানিবাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী নেই। আমরা কেউ স্বাধীনতাবিরোধী নই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।

রোকন সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মীর নুরুল ইসলাম, নাটোর-২ সদর আসনের জামায়াত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tuesday, January 14, 2025

নাটোরে ৫২ ইউনিয়নের প্রায় সব চেয়ারম্যান আত্মগোপনে

নাটোরে ৫২ ইউনিয়নের প্রায় সব চেয়ারম্যান আত্মগোপনে

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ নাটোর জেলার ৫২টি ইউনিয়নের মধ্যে প্রায় সবটিতে একদলীয় ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারীরা। যাদের ২-৪ জন ছাড়া সবাই এখনো আত্মগোপনে। ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম পড়ছে হুমকির মুখে।
সোমবার গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জেলায় অংশীজনদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, ইউএনডিপির রিপোর্ট অনুযায়ী, গ্রাম আদালতের মাধ্যমে ৯৬ শতাংশ বিরোধ নিষ্পত্তি হচ্ছে এবং ৯৬ শতাংশ মানুষ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে সন্তুষ্ট।
নাটোর জেলার ৫২টি ইউনিয়নের মধ্যে ৩৮টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম চলমান আছে, অবশিষ্ট ১৪টি ইউনিয়নে অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে। গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে সব ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে।

গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। মাত্র ১০ টাকা ফি প্রদান করে ফৌজদারি ক্ষেত্রে চুরি, দাঙ্গা 
প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও আটক, ভয়ভীতি বা হুমকি দেওয়া এবং কোনো নারীর শালীনতাকে অমর্যাদা বা অসম্মান করার ক্ষেত্রে গ্রাম আদালত কাজ করে।

অপরদিকে ২০ টাকা ফি প্রদান করে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তি দখল থেকে উদ্ধার, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায়, কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্যে ক্ষতিপূরণ আদায়, গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায় নিষ্পত্তি করে গ্রাম আদালত।

এদিকে মিথ্যা অভিযোগ দেওয়া হলে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে গ্রাম আদালতে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। এ আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরও সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন- সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা।

Wednesday, January 1, 2025