Showing posts with label রাঙ্গামাটি. Show all posts
Showing posts with label রাঙ্গামাটি. Show all posts

Thursday, October 22, 2026

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্য আহত: পুলিশ

সাজেকে গোলাগুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ সদস্য আহত: পুলিশ

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাঙামাটির সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরবর্তীতে অবরোধকারী ও অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত সাত সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সাজেক থেকে ফেরার পথে বেলা সাড়ে ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছায়। সেখানে পর্যটকরা অবরোধকারীদের মুখোমুখি হলে তাদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে। কিন্তু আলোচনার একপর্যায়ে কথা না শুনে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরাসরি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।


তিনি আরও জানান, ইটপাটকেল নিক্ষেপের পর অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হলে নিকটস্থ সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পর্যটকদের জীবন ও জানমালের নিরাপত্তায় রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালাতে বাধ্য হন।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে দফায় দফায় বন্দুকযুদ্ধ চলে। পরবর্তীতে দুপুর ১টার দিকে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অবরোধকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাজেক ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং ওই অঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। সশস্ত্র গোষ্ঠীদের ওপর যৌথবাহিনীর প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


প্রসঙ্গত, বুধবার দুপুরে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে সাজেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেন।

সূত্রঃ চ্যানেল 24।

Tuesday, March 10, 2026

রাঙামাটিতে এনসিপি থে‌কে একসঙ্গে ৮৭ জ‌নের পদত্যাগ

রাঙামাটিতে এনসিপি থে‌কে একসঙ্গে ৮৭ জ‌নের পদত্যাগ


তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমার পদত্যাগের ৫ দিন পর জুরাছড়িতে দলটির উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।

সোমবার এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে এ সংক্রান্ত পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়।

উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


পদত্যাগী নেতারা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে বলে তাদের মনে হয়েছে।

দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। এ কারণে সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

অসিম চাকমা বলেন, এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে আমি এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি।

কোনো রাজনৈতিক দলের চাপের কারণে পদত্যাগ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলের চাপে পদত্যাগ করেননি।


এনসিপির রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জুরাছড়ি উপজেলা কমিটির গণপদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে সাংগঠনিক পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছেছে।


এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, সেই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে হয়।

তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তা জানা নেই তার।


সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ।

Wednesday, January 1, 2025