Showing posts with label নেত্রকোণা. Show all posts
Showing posts with label নেত্রকোণা. Show all posts

Wednesday, September 30, 2026

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে


তিস্তা নিউজ ডেস্ক ঃ নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

কারাগারে পাঠানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো. খোকন মিয়াসহ ২৫ জন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে হাটের ডাককে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে গত ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ৩৩ জনকে আসামি করা হয়।

মামলার ২৫ আসামি পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সকালে তারা নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, মামলার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে মামলাটি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনিভাবে মামলাটি মোকাবিলা করা হবে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ধারায় করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা মামলাটিকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সূত্রঃ দৈনিক কালবেলা।

Wednesday, January 1, 2025

 জলঢাকায় তিস্তা নিউজ 24.com এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

জলঢাকায় তিস্তা নিউজ 24.com এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

বদিউজ্জামান জলঢাকা:

জলঢাকায় নতুন আঙ্গিকে নতুন ধারার অনলাইন নিউজ সংস্করণ " তিস্তা নিউজ 24.com আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তিস্তা নিউজের শুভ সুচনা উপলক্ষে ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব জলঢাকার অস্থায়ী কার্যালয়ে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুভসূচনা ঘটে। বিশিষ্ট ব্যবসায়ী ও প্রেসক্লাব উপদেষ্টা হামিমুর রহমান হামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ, অবনি ফার্মেসির ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান হালু, জলঢাকা নিউজ সম্পাদক প্রভাষক বজলুর রশিদ, তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের বার্তা সম্পাদক মাহমুদ আল হাছান, প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান লেবু ও সহ-সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবেদ আলী প্রমুখ। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সূধী ও সামাজিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ফয়সাল মুরাদ বলেন, জলঢাকায় নতুন ধারায় নতুন আঙ্গিকে পরিবেশিত হবে তিস্তা নিউজ টুয়েন্টি ফোর ডটকম। অনলাইন সংস্করণ থেকে এটিকে দৈনিক পত্রিকায় রুপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রধান অতিথি'র বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুনত্বের সমাদর নিয়ে নতুন বর্ষবরনে জলঢাকা উপজেলা থেকে একটি অনলাইন নিউজ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় আমি প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিস্তা নিউজ ডটকম পাঠক নন্দিত হয়ে জলঢাকা উপজেলার মুখ উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করছি।