Showing posts with label সিলেট. Show all posts
Showing posts with label সিলেট. Show all posts

Saturday, March 7, 2026

আমিরকে চিঠি দিয়ে হঠাৎ জামায়াত নেতার দলত্যাগ

আমিরকে চিঠি দিয়ে হঠাৎ জামায়াত নেতার দলত্যাগ


তিস্তা নিউজ ডেস্ক ঃ সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ দলের রুকনিয়াতসহ সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের কাছে অব্যাহতিপত্র পাঠানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৩ মার্চ) আমিরের কাছে পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক বহুবিধ অসুবিধার কারণে তার ওপর অর্পিত সব ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিতে ইচ্ছুক। এরপর শুক্রবার (৬ মার্চ) ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি রাজনীতি ও দলত্যাগের নানা কারণ তুলে ধরেন।

ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, ‘জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃতি পাই।’ এ সময় তিনি তাকে পরম স্নেহে গড়ে তোলা কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। দীর্ঘ পথপরিক্রমা শেষে ২০১৩ সালে তিনি রোকন হিসেবে শপথ নেন। এরপর ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং ২০২৩ সালে একই ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য ও ২০২১ সাল থেকে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পোস্টে তিনি বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোনো আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।’

সাংগঠনিক স্বার্থ রক্ষায় অনেক বিষয়ে দৃঢ় প্রতিবাদ করেছেন জানিয়ে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, ‘আমার অতীত সাংগঠনিক তৎপরতার উসিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কোনো অবদানের স্বীকৃতি নয়, আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি, সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দানটুকুকে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে কবুল করার দোয়া করি।’

পদত্যাগের পেছনের ক্ষোভের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘চেষ্টা করেছি ২৫ নম্বর ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বারবার আমার যাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে, আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।’


সূত্রঃ বার্তা বাজার 

Thursday, August 21, 2025

সিলেটের সাদাপাথর লুটে জড়িত ৪২ জন, রাজনৈতিক পরিচয়সহ দুদকের তালিকা

সিলেটের সাদাপাথর লুটে জড়িত ৪২ জন, রাজনৈতিক পরিচয়সহ দুদকের তালিকা



তিস্তা নিউজ ডেস্ক ঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুটের ঘটনায় স্থানীয় ৪২ জনকে দুদক চিহ্নিত করেছে। তাদের মধ্যে সিলেট মহানগর বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে এদের সংশ্লিষ্টতা পেয়েছে। তবে আরও কয়েকজনের নাম যাচাই-বাছাইয়ের কাজ চলমান। 

সাদাপাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্যও পেয়েছে দুদক।

সূত্র জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে ১০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে। এর মধ্যে অতিমূল্যবান সাদাপাথর উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট। গত এক বছরে সাদাসহ অন্যান্য পাথর চুরি হয়েছে প্রায় ৪০ লাখ ঘনফুট। সাদাপাথর চুরির ঘটনা ধরা পড়ে গত ১০ আগস্ট। এরপর দুদক ভোলাগঞ্জে অভিযান চালায় গত ১৩ আগস্ট।

সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত বিএনপির ২০ নেতাকর্মী 

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, সদস্য হাজি কামাল (পাথর ব্যবসায়ী), কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া (পা. ব্য.), কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে দুদু (পা. ব্য.), সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ বাহার (পা. ব্য.), সহসাংগঠনিক সম্পাদক মুসতাকিন আহমদ ফরহাদ (পা. ব্য.), কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া ওরফে দুলা, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন, সাজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী জাকির হোসেন, সদস্য মোজাফর আলী, মানিক মিয়া, সিলেটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে শাহপরান, কোষাধ্যক্ষ (বহিষ্কৃত) শাহ আলম ওরফে স্বপন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এবং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মী

কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের কর্মী বিলাল মিয়া (পা. ব্য.), শাহাবুদ্দিন (পা. ব্য.), গিয়াস উদ্দিন (পা. ব্য.), কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওদুদ আলফু, কর্মী মনির মিয়া, হাবিল মিয়া ও সাইদুর রহমান।

জামায়াতের দুই নেতা

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফকরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীন।

এনসিপির দুই নেতা

সিলেট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

আরও ১১ জন

অনুসন্ধানে সাদাপাথর চুরির সঙ্গে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তারা হলেন- কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের আনর আলী, উসমান খাঁ, ইকবাল হোসেন আরিফ, দেলোয়ার হোসেন জীবন, আরজান মিয়া, মো. জাকির, আলী আকবর, আলী আব্বাস, মো. জুয়েল, আলমগীর আলম ও মুকাররিম আহমেদ।


সূত্রঃ চ্যানেল 24 অন লাইন 

Tuesday, May 20, 2025

সিলেট -১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

সিলেট -১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন



তিস্তা নিউজ ডেস্ক ঃআগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল জামায়াত। তবে আজ মঙ্গলবার সন্ধ্যায় এক সভা শেষে দলটি সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রার্থী বদল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-১ আসনে দলটির নতুন প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এর আগে এ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল।


সূত্রঃ দৈনিক প্রথম আলো।

Friday, February 14, 2025

জাতিসংঘের তদন্ত রিপোর্টে প্রমাণিত আ. লীগ বর্বর-খুনি দল’

জাতিসংঘের তদন্ত রিপোর্টে প্রমাণিত আ. লীগ বর্বর-খুনি দল’

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতিসংঘের তদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি বর্বর ও খুনিদের দল। এমন খুনি ভারতীয় তাঁবেদার দলের এদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন।

বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবিবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, এদেশকে আর পেছনে যাওয়ার সুযোগ নেই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন সময়ের অপরিহার্য দাবি। যদি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে না পারি তাহলে জাতির ঘাড়ে ফের ফ্যাসিবাদ চেপে বসতে পারে।

তিনি বলেন, অবিলম্বে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। এদেশে আর চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের রাজনীতির সুযোগ নেই। এজন্য প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নাগরিক কমিটি সেই বন্দোবস্ত করতে কাজ করছে।

জাতীয় নাগরিক কমিটির সিলেট মহানগর সংগঠক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে ও আজহার উদ্দিন খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখপাত্র সামান্তা শারমিন, আরেফিন মো. হিজবুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন, দ্যুতি অরুণ চৌধুরী, সাদিয়া ফারজানা দিনা, অর্পিতা শ্যামা দেব, এহতেশাম হক ও প্রীতম দাশ, ডা. খালেদ মাহমুদ, অ্যাডভোকেট জোছনা ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, মো. রেজাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাবিপ্রবির সমন্বয়ক নাসিম, দেলওয়ার হোসেন শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আক্তার হোসেন ও মুখপাত্র মালেকা খাতুনা সারা, সার্চ কমিটির মধ্য থেকে নাজিম উদ্দিন সাহান, আব্দুর রহিম, ফয়ছল আহমদ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সালিম আহমদ। গীতা পাঠ করেন মনন দেবনাথ ও কবিতা আবৃত্তি করেন সাব্বির আহমদ।


সূত্র ঃ দৈনিক আমারদেশ।

Saturday, January 18, 2025

ডিসেম্বরে জাতীয় নির্বাচন : স্বাস্থ্য উপদেষ্টা

ডিসেম্বরে জাতীয় নির্বাচন : স্বাস্থ্য উপদেষ্টা

 
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম 

তিস্তা নিউজ ডেস্ক ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনে আরো বিলম্ব হতে পারে।’

শনিবার (১৮ জানুয়ারি) সিলেট সফরকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সকাল ১১টায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে জানিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপদেষ্টা। পরে তিনি চিকিৎসাব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। 

এরপর তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে সেখানেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় ভ্যাট বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘যিনি অর্থ উপদেষ্টা, উনি তো পুরো বাংলাদেশের আর্থিক বিষয়টা দেখেন। ওনার অবস্থাটা দেখেন, আমরা যখন দায়িত্ব নিলাম টাকা-পয়সা, ডলারের যথেষ্ট সংকট ছিল। সার কিনতে গিয়ে দেখলাম, আমাদের কাছে সেই পরিমাণ যথেষ্ট ডলার নেই, যা দিয়ে আমরা সার কিনতে পারি। তার মধ্যে আগের সরকারের অনেক টাকা কাতার ও সৌদি আরবে রয়ে গিয়েছিল, যেগুলো পরিশোধ হয়নি।

সূত্র ঃ দৈনিক কালেরকণ্ঠ।

Sunday, January 12, 2025

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ  সম্প্রতি যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর দেয়া বক্তব্য ‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এই বক্তব্যের বিষয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে জনপ্রিয় ইসলামী এই বক্তা বলেছেন, সেদিনের কথাটি ছিল ‘ভেরি জেনারেল’। কথাটি নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নেই।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে আলোচনায় বয়ান পেশকালে তিনি এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি যশোরের একটি মাহফিলের আলোচনার একটি লাইন কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি বলেছিলাম, ‘এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’। এখানে তো আমি কোনো দলের নাম বলিনি।

“দেশে প্রায় ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কোনো দলের নাম আমি বলিনি, কথাটি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্য এটা, যার যে মেসেজ নেয়ার এখান থেকে নিয়ে নেয়। কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না। কিন্তু আপনারা (রাজনীতিবিদ) যে এটা নিজেদের গায়ে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে, এটা খুব অনভিপ্রেত।”

তিনি বলেন, আমরা কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে কথা বলি না। আমরা কথা বলি কোরআনের পক্ষে, আমরা কথা বলি ইসলামের পক্ষে। তাই একটি জেনারেল কথাকে নিয়ে আমার রাজনৈতিক বন্ধুরা নিজেদের গায়ে মাখেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাহলে সাধারণ জনগণের কাছে একটি নেগেটিভ ম্যাসেজ যাবে আপনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না।

আজহারী বলেছেন, এদেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও টেন্ডারবাজি হোক আমরা চাই না। আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্থি জানতে পারি তার আগে জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। নতুন ভোরের বাংলাদেশে আমরা যেনো কাদা ছোঁড়াছুড়ি না করি। আমাদের শপথ নেয়ার সময় হয়েছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবো না।

Tuesday, January 7, 2025

অনাহারে ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ সবজি বিক্রেতা রায়হানের স্ত্রী-সন্তানরা

অনাহারে ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ সবজি বিক্রেতা রায়হানের স্ত্রী-সন্তানরা

 
গুলিবিদ্ধ রায়হান 


তিস্তা নিউজ ডেস্ক ঃ পিতা-মাতা ও ছেলে-মেয়েসহ ৯ সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত সবজি বিক্রেতা রায়হান মিয়া (৩০)।

কোনোরকম ৫ লাখ টাকা ধার-দেনা করে শরীরে ৫টি অস্ত্রোপচার করাতে পারলেও এখন টাকার অভাবে তার চুলায় নিয়মিত আগুন জ্বলে না।

রায়হান হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দোয়াখানী মহল্লার আব্দুল হামিদের ছেলে। আগে ভ্যানগাড়িতে করে পাড়ায় পাড়ায় সবজি বিক্রয় করতেন, তবে আহত হওয়ার পর আর কাজে যাওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট সকাল ১১টায় থানার সামনে ছাত্র-জনতার মিছিলের মধ্য থেকে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ পুলিশের একটি গুলি রায়হানের কোমরের নিচে বিদ্ধ হয়ে পেট ছিদ্র হয়ে বের হয়ে যায়।
তৎক্ষণাৎ অজ্ঞান হলে আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
একই সময় গুলিবিদ্ধ হওয়া আরও চারজনের মধ্যে দুইজন মারা যান এবং রায়হানের সঙ্গে আহত রিয়াদ মিয়া নামে আরেকজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এখনও চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ রায়হানের টানা চার মাস চিকিৎসা হয়েছে। পেটে আলাদা ৫টি অস্ত্রোপচার হয়।

তিনি বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত প্রায় ৫ লাখ টাকা চিকিৎসা ব্যয় হয়েছে। আত্মীয়-স্বজন ও স্থানীয় মহাজনদের থেকে ধার-দেনা করে এই টাকা জোগাড় করা হয়েছে। এখন পাওনাদাররা টাকার জন্য বাড়ি আসছে।

রায়হান বলেন, মিছিল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছনে ফিরে তাকিয়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে একটি বুলেট এসে বিদ্ধ হয়। এরপর আর কিছু বুঝতে পারিনি, জ্ঞান ফিরেছে হাসপাতাল যাওয়ার পর। ’

রায়হানের বাড়িতে গিয়ে জানা যায়, পিতা-মাতা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারে আরও ছোট দুই ভাই রয়েছে। তিনিই প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। এখন কাজে যেতে না পারায় নিয়মিত বাজারখরচ করতে পারেন না।

রায়হানের স্ত্রী আরফিনা বেগম বলেন, আমার স্বামী কাজে যেতে পারেন না, সেলাইয়ে ব্যথা হয়। ছোট দুই দেবর সামান্য রোজগার করে আনে, তা দিয়ে দিনের খাবারই চলে না। কখনো কখনো না খেয়ে থাকতে হয়। অন্যদিকে পাওনাদারেরা টাকার জন্য বাড়িতে আসে।  

রায়হানের বাবা আব্দুল হামিদ বলেন, ‘আমার দিনমজুর ছেলে দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। এখন আমার পরিবার বিপাকে। ৫ মাস পরও সরকার একবার খোঁজ নেয়নি’ বলে তিনি হতাশা প্রকাশ করেন।  

এ ব্যাপারে ভারপ্রাপ্ত বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, রায়হান নামে এক সবজি বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে সে খবর পেয়েছি। তার সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

Sunday, January 5, 2025

সিলেটে বিপিএল এর টিকিটের যে অবস্থা

সিলেটে বিপিএল এর টিকিটের যে অবস্থা



তিস্তা নিউজ ডেস্ক : সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে সোমবার (৬ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর

সিলেটে পর্ব। বিপিএলকে কেন্দ্র করে সিলেটে ক্রিকেট প্রেমীদের মধ্যে চলছে উন্মাদনা। ঢাকা পর্বে কাউন্টারে বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিকিট প্রত্যাশীরা। সিলেট পর্বে প্রতিবার টিকিট কালোবাজারি, টিকিট না পাওয়া সহ দর্শকদের নানা অভিযোগ থাকলেও এবার দেখাগেছে ভিন্ন চিত্র। কাউন্টারগুলোতে দর্শকরা টিকিট পাচ্ছেন কোন ভোগান্তি ছাড়াই।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাচ্ছে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলছে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সরেজমিনে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বিপিএলের টিকিটের জন্য দর্শকদের লাইন রয়েছে। দর্শকার জানান, টিকিট কিনতে এখন পর্যন্ত কোন ভোগান্তিতে পড়তে হয়নি তাদের। কাউন্টারে তেমন ভিড় নেই। টিকেটের মূল্যও ঠিক আছে। প্রতিবার কালোবাজারিদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে টিকিট কাটতে হয়। তবে এবার দেখি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট এন্ড সিটিং কমিটির সদস্য সাব্বির আহমেদ জানান, ঢাকা পর্বে টিকিট নিয়ে যে সমস্যা হয়েছে তা সিলেটে যাতে না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি। একজন টিকিট প্রত্যাশীকে একটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন দর্শকরা। সিলেটে পর্বে ভরা গ্যালারিতে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের আসরটি হবে বলে মনে হচ্ছে।

Tuesday, December 31, 2024