Showing posts with label সিরাজগঞ্জ. Show all posts
Showing posts with label সিরাজগঞ্জ. Show all posts

Sunday, May 17, 2026

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ


তিস্তা নিউজ ডেস্ক ঃ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার তথ্যে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে মন্তব্য করার অভিযোগে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মুফতি আমির হামজারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। একই দিন আদালত তার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।

সূত্রঃ বিডি 24 লাইভ।

Tuesday, April 21, 2026

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


তিস্তা নিউজ ডেস্ক ঃ কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন।

এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজাকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়। জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘২০ থেকে ৩০ কোটি টাকা’ দিয়ে বদলি হয়ে আসার অভিযোগ তোলায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাওভাবে প্রকাশিত হয়েছে। যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও এ জাতীয় বক্তব্য বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে ডিসি বদলি হয়ে আসার জন্য কোন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে ২০ থেকে ৩০ কোটি দিয়েছেন, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অনতিবিলম্বে জনসম্মুখে প্রকাশ করতে হবে। 



এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেয়ার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে একাধিক মানহানির মামলা হয়েছে। গত ২ এপ্রিল আদালত একটি অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন। 

মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে উল্লেখ করেছেন, যা মানহানিকর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছেন। 

এর আগে, একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেন। ওই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।


Monday, March 30, 2026

মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা

মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানির মামলা


তিস্তা নিউজ ডেস্ক ঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিকসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জে আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে এ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

মামলার বাদী এ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বলেন, বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সাথে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে আপাত-মস্তক নাস্তিকসহ বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছে। এ কারনে আমির হামজার বিরুদ্ধে দন্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পক্ষের উকিল এ্যাড. ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুৎ মন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুই দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং একজিন সম্ভ্রান্ত মুসলিম। আমির হামজা তাকে আপাদ মস্তক নাস্তিক বলায় তার সম্মানিহানি হয়েছে এমন কি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুদ্ধ ও মর্মাহত। এ কারনে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছে। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।

এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার নির্লজ্জকর বক্তব্যে ক্ষুদ্ধ ও ব্যথিত এবং মর্মাহত হয়ে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা তার বক্তব্যকে ঘৃনা ভরে প্রত্যাখান করে সরকারের কাছে মুফতি আমির হামজার শাস্তির দাবী করেছেন।

Monday, March 2, 2026

সিরাগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত

সিরাগঞ্জে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ২ কর্মী নিহত


তিস্তা নিউজ ডেস্ক ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। সোমবার সকালে আবু বক্কার সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় হাসুয়া, দা, লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন।

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Friday, October 31, 2025

সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ

সাবেক এমপি জয়ের ৩ কোটি টাকা ফ্রিজ

আওয়ামী এমপি জয়
তিস্তা নিউজ ডেস্ক ঃ সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ তার পরিবারের কয়েক সদস্যের ব্যাংক হিসাব নম্বরে থাকা ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জয়ের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব নম্বরে ১ হাজার ২০৮ কোটি টাকার লেনদেনের অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। তাদের ব্যাংক হিসাব নম্বরে স্থিতি ৩ কোটি ২৮ লাখ টাকা ফ্রিজ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডি জানায়, জয় প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ বানু, ভাই তমাল মনসুরসহ পরিবারের অন্যান্য সদস্যদের নামে ৯৬টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাব খোলার সময়কাল থেকে হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায় ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জয় ও তার ভাই মনসুর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে টেন্ডার জালিয়াতি, চাঁদাবাজি, বালু উত্তোলন ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রচুর অবৈধ সম্পদের মালিক হয়েছেন। অবৈধ অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে স্থাবর-অস্থাবর সম্পদ হিসাবে বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Friday, October 10, 2025

সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা

সিরাজগঞ্জে ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা



তিস্তা নিউজ ডেস্ক ঃ  সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে এক ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা পাওয়া গেছে। ৬-৭ জন এলাকাবাসী ৫ ঘণ্টাব্যাপী ওই টাকা গণনা করার পর পুলিশের মাধ্যমে ওই ভিক্ষুকের ওয়ারিশের কাছে জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মাছুমপুর মহল্লায় এই টাকা গণনা করেন স্থানীয়রা। দুপুর থেকেই টাকা গোনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে এক, দুই, পাঁচ, ১০, ২০, ৫০ ও ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট ছিল। সব মিলিয়ে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। এ ছাড়াও অনেক টাকা নষ্ট হয়ে গেছে।

সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি সালে পাগলি নামেই এলাকায় পরিচিত। তিনি রায়পুর ১নং মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসু জানান জানায়, আমি সকালে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অনেক লোকজন ছিল। তবে সেখানে ওই পাগলি ছিলেন না। সেখানে একটি ছোট ও একটি বড় বস্তা পাই। বস্তা খুলে দেখি, ভেতরে কাপড় দিয়ে মোড়ানো খুচরা পয়সা। তখন সবাই বলে, সালেহা বেগম নামে ওই নারীর টাকা। পরে স্থানীয় মুরুব্বিদের ডেকে তাদের সামনে টাকার বস্তা দুটো উদ্ধার করি।

ওই ভিক্ষুক মাছুমপুর মহল্লার একটি ঘরে থাকে। আমরা তার কাছে বস্তা দুটো নিয়ে গেলে তিনি বলেন, সেগুলো তার। পরে এলাকার লোকজনকে দায়িত্ব দেই এই টাকাগুলো গণনার জন্য। ওরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে টাকাগুলো গণনা করে। পরে সদর থানার পুলিশ এলে তাদের সামনে টাকাটা সালেহার মেয়ের নামে গ্রামের একজন মাতব্বরের হেফাজতে দেওয়া হয়।

ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ বলেন, ৬-৭ জন মিলে টাকাগুলো গণনা করেছি। পাঁচ ঘণ্টাব্যাপী টাকা গণনা করা হয়েছে। টাকা এমনভাবে পুঁটলি করে রেখেছে। ময়লা-পচে দুর্গন্ধ হয়ে গেছে।

সিদ্দিক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, উনার মা-বাবা দুজনই ভিক্ষা করেছে। তিনিও ছোটোবেলা থেকেই ভিক্ষা করেন। ২০ বছর ধরেই ভিক্ষা করেন।

সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, ‘আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোনো কথা ভালোমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন বাইরে থেকে রাতে মিল গেটের বারান্দায় ঘুমিয়েছে।’

সদর থানার উপপরিদর্শক (এসআই) পতিন কুমার বণিক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি টাকা গণনা করা হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ সেখানে থেকে টাকা গোনা শেষ হলো। দেখা গেল নোট টাকা ৯৫ হাজার, আর বাকিগুলো কয়েন। মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তার একমাত্র ওয়ারিশ মেয়ের জিম্মায় টাকাগুলো দেওয়া হয়।’ 

Wednesday, January 1, 2025