Showing posts with label ব্রাহ্মণবাড়িয়া. Show all posts
Showing posts with label ব্রাহ্মণবাড়িয়া. Show all posts

Friday, June 5, 2026

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

তিস্তা নিউজ ডেস্ক ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে গেছে বলে দাবি করছেন এলাকার লোকজন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই ইটকে অলৌকিক ঘটনা বলছেন। আবার এখানে অস্বাভাবিক কিছুই ঘটেনি বলে দাবি করছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে এক প্রচণ্ড ঝড়ে মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা বড় আকারের একটি গাছ শিকড়সহ উপড়ে মাটিতে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া গাছের ডালপালা ও বিভিন্ন অংশ কেটে ফেলেন। 


স্থানীয়রা জানান, কাটার কাজ চলাকালীন সময়েই হঠাৎ গাছটির অবশিষ্ট অংশ আবার আগের স্থানে দাঁড়িয়ে যায়। 


বৃহস্পতিবার(৪ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় ১৫ ফুট উচ্চতার ডালপালাবিহীন গাছের একটি অংশ কিছুটা সামনের দিকে হেলে দাঁড়িয়ে রয়েছে। গাছটির গোড়ার অংশ ও শিকড়ের অংশ এখনও দৃশ্যমান। কেটে ফেলা অংশগুলো পাশে পড়ে রয়েছে। গাছে লাল কাপড় বাঁধা হয়েছে। চারপাশে নিশানা টানানো।

এদিকে গাছটিকে ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের ওই গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।


স্থানীয় বাসিন্দা আবুল বাশার মুন্সী বলেন, প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে গিয়েছিল। পরে বিক্রি করে দেওয়া হয়। কাটার পর আবার দাঁড়িয়ে যায়। এটি আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছু নয়।


এ বিষয়ে গাছের মালিক মাহবুব মুন্সী বলেন, কীভাবে এমন হয়েছে তা আল্লাহই ভালো জানেন। প্রতিদিন বহু মানুষ গাছটি দেখতে আসছেন। কেউ মানত করছেন, কেউ শিকড় নিয়ে যাচ্ছেন।


তবে কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ‘গাছটি ঝড়ে শিকড়সহ উল্টে পড়েছিল। ডালপালা কাটার পর ভারসাম্যের কারণে আবার দাঁড়িয়ে যায়। গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে পড়ে যাবে। এখানে জিন-ভূতের কিছু নেই। তবে মানুষ কৌতূহলবশত ভিড় করছে।’


এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে গাছটি কীভাবে পুনরায় দাঁড়িয়ে গেল, তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো সামনে আসেনি। স্থানীয়দের কাছে এটি এখন বিস্ময় ও কৌতূহলের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Thursday, March 26, 2026

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন

জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় বিএনপির অনুষ্ঠান বর্জন


তিস্তা নিউজ ডেস্ক ঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করাকে কেন্দ্র করে অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমার উপস্থাপনা ও কুচকাওয়াজ পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফাতেমার স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারের জন্য উচ্চারণ করেননি। এ কারণে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কট করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মিছিল করে সমাবেশস্থল থেকে বেরিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। পরে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের মাধ্যমে ইউএনও নাহিদ ফাতেমা ক্ষমা চেয়ে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে বিএনপির নেতাকর্মীদের অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা থাকার পরেও উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি একবারের জন্য উচ্চারণ করার প্রয়োজন মনে করেননি। তার প্রতিবাদে আমরা অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে এসেছিলাম। পরে ইউএনও ক্ষমা চেয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করে পুনরায় বক্তব্য প্রদান করার শর্তে আমাদের অনুষ্ঠানে ফিরিয়ে নিয়েছেন।

তিনি বলেন, আমরা এমন ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসরমুক্ত বিজয়নগর উপজেলা প্রশাসন চাই। এ বিষয়ে ইউএনও নাহিদ ফাতেমার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করে বক্তব্য নিতে চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Thursday, March 19, 2026

পদধারী বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তায়ই কাল হয়েছে আমার

পদধারী বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তায়ই কাল হয়েছে আমার

 

ব্যারিস্টার রুমিন ফারহানা 
তিস্তা নিউজ ডেস্ক ঃ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মনে করেন, বিএনপির বড় নেতাদের চেয়ে তার বেশি জনপ্রিয়তাই ‘কাল’ হয়ে দাঁড়িয়েছিল। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচনায় অংশ নিয়ে বিএনপি থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানার ভাষ্য, অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরতে থাকেন, তখন থেকেই তার প্রতি কারও কারও বিরূপ মনোভাব তৈরি হয়। ‘যারা আমার ওপর নাখোশ ছিল, তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই। 

টকশোতে রুমিন ফারহানা আরও বলেন, ‘যেদিন দেশনেত্রী খালেদা জিয়া মারা যান, সেদিনই বিএনপি আমাকে বহিষ্কার করল।সকাল ৬টায় দেশনেত্রী তিনি মারা যান, আর আমাকে বিকাল ৪টায় বহিষ্কার করা হয়।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়।মূলত বিদ্রোহী প্রার্থী হওয়ায় এই বহিষ্কারাদেশ। অথচ মনোনয়নপত্র প্রত্যাহারের তখনও ১০-১৫ দিন সময় বাকি ছিল, সেটুকুও অপেক্ষা করা হয়নি।’
বহিষ্কারের পর মানসিকভাবে ‘হালকা’ অনুভব করছেন জানিয়ে এই নেত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল, তা থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন—এবার কী করবেন? এই চাপ বহন করা সহজ ছিল না,’ যোগ করেন তিনি।  
তিনি আরও অভিযোগ করেন, শুধু প্রতিপক্ষই নয়, দলের ভেতরের নেতাকর্মীদের একটি অংশও তাকে নানাভাবে হেনস্তা করেছে। ‘অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণেরও শিকার হয়েছি,’ বলেন তিনি।

সবশেষে রুমিন ফারহানা বলেন, ‘এই দল থেকে বের হয়ে আজ আমি যেন সেই চাপ ও হেনস্তা থেকে মুক্তি পেয়েছি।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। ওইদিনই দলের স্থায়ী কমিটির সভায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন।

Saturday, May 31, 2025

ঝড়ের মধ্যে গরু আনতে গিয়ে জোয়ারে ভেসে গেল দুই বোন

ঝড়ের মধ্যে গরু আনতে গিয়ে জোয়ারে ভেসে গেল দুই বোন



তিস্তা নিউজ ডেস্ক ঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভারী বৃষ্টিতে সৃষ্ট পানির ঢলে ভেসে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মারিয়া আক্তার (১২) ও সামিয়া আক্তার (১০)।
শনিবার (৩১ মে) সকালে তিতাস নদী থেকে মর‍দেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে বৃষ্টির সময় নাসির নগরের গোকর্ণ আকাশী মাঠে গরু আনতে গিয়ে খাল পারাপারের সময় পানিতে পড়ে যান দুই বোন। পরে জোয়ারের তোড়ে তারা নিখোঁজ হয়।

মৃত মারিয়া ও সামিয়া গোকর্ণ মধ‍্যপাড়া এলাকার প্রবাসী মিনার আলীর মেয়ে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয় আকাশী মাঠ থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় দুই বোন। এসময় তারা খালে পড়ে যান। পরে তুমুল বৃষ্টির কারণে খালে স্রোত থাকায় তারা ভাসতে ভাসতে চলে যান নদীতে। এরই মধ্যে স্বজনরা খালে অনেক খোঁজাখুঁজি করে দুই বোনের খোঁজ পাননি। সবশেষ শনিবার ভোরে গোকর্ণ বেড়িবাঁধ সংলগ্ন তিতাস নদীতে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। সবশেষ খবর পেয়ে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন ঘটনা সত‍্যতা নিশ্চিত করে বলেন, দুই বোন নিখোঁজের খবর পেয়ে রাতেই পুলিশ-ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। মর্মান্তিক এ দুর্ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Wednesday, January 1, 2025