Showing posts with label বরিশাল. Show all posts
Showing posts with label বরিশাল. Show all posts

Thursday, July 23, 2026

এবার প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

এবার প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর ধারাল ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্কুল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার টিফিন দেওয়ার পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে গোটা একটি ধারাল ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্রেণিশিক্ষককে জানায়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রী আলমতাজ গণমাধ্যমকে বিষয়টি জানায়। বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সাইফুন নাহার গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানার পরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানআইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে আমি নিজে স্কুলটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Saturday, July 18, 2026

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব: নাহিদ ইসলাম

তিস্তা নিউজ ডেস্ক ঃ সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তারপর প্রত্যেকটি জেলা-উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব।

তিনি বলেন, আমরা হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিইনি। কিন্তু যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের কর্মসূচি দেয়ার পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতি দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন।

নাহিদ ইসলাম বলেন, ৭০ পার্সেন্ট মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল—‘নাটক কম করো প্রিয়।’ তারেক রহমানকে বলে দিচ্ছি, তারেক রহমান নাটক কম করেন প্রিয়।  

সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Wednesday, April 8, 2026

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার


তিস্তা নিউজ ডেস্ক ঃ ময়মনসিংহের গৌরীপুরে মো. আজিজুল হক নামে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হেসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রিফাত উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে। অপরদিকে আজিজুল হক উপজেলা বিএনপির সদস্য সচিব।

মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির।

এদিকে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।

Sunday, April 5, 2026

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

তিস্তা নিউজ ডেস্ক ঃ বরিশালের গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লেগেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফিলিং স্টেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।


তিনি জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার সময় ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Tuesday, March 31, 2026

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে


তিস্তা নিউজ ডেস্ক ঃ বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে জিহাদুল ইসলাম খান নামের জেলা ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিহাদুল ইসলাম খান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম মোটরসাইকেলটির মালিক । বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে টহলরত পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।


এ সময় তার বক্তব্যে অসংগতি থাকায় মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। তিনি এসে নিশ্চিত করেন, তালা ভেঙে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ সময় পুলিশ মোটরসাইকেলসহ জিহাদকে আটক করে। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক বাদী হয়ে গত রোববার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি মোটরসাইকেলটি কিনেছেন এবং ভাড়ায় চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। মোটরসাইকেলটি হারিয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। পুলিশের দ্রুত পদক্ষেপে গাড়িটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ এবং সুষ্ঠু বিচার দাবি করেন।


এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতেনাতে জিহাদুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Wednesday, February 25, 2026

আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, জ্যেষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে মামলা

আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, জ্যেষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে মামলা


তিস্তা নিউজ ডেস্ক ঃ বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করছে যৌথবাহিনী। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে থাকা তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভসহ প্রতিবাদ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার টেবিল ওলট-পালট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে জেলে পাঠানো হয়।

ওই মামলায় বরিশালের দুই পিপি, ৩ এপিপিসহ বিএনপির ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার দুপুরে এজলাসে হট্টগোলের ওই ঘটনা ঘটে। জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে এজলাসে ঢুকে ওই হট্টগোল করে তারা।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, বিচার কাজে বাধা, এজলাসে ঢুকে হট্টগোল এবং হুমকি দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বরিশালের সহকারী পাবলিক প্রসিকিউটর ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু বলেন, গ্রেফতার ও মামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রমে অংশ নেবে না আইনজীবীরা।

Sunday, January 11, 2026

হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত

হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত


তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল জোটবদ্ধভাবে লড়বেন। জোটটির অন্যতম অংশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তবে এই আসনটির বিষয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার দিকে যাচ্ছে বলে জানা গেছে। এ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারির আগে এই আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী তুলে নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এরই অংশ হিসেবে ওই প্রার্থীকে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যভুক্ত করেছে জামায়াতে ইসলামী।

সূত্র জানায়, কাউকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হলে সাধারণত তিনি নির্বাচনের প্রার্থী হন না। সেই হিসেবে হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

জানা যায়, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এই কমিটির সদস্যদের একজন হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনি বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এর আগে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে।

Tuesday, July 15, 2025

চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

চরমোনাই দরবার শরীফে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল



তিস্তা নিউজ ডেস্ক ঃ দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বর্তমানে বরিশাল বিভাগে পদযাত্রা করছেন।

তারই অংশ হিসেবে গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে এনসিপির নেতৃবৃন্দরা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল ১৪ জুলাই দিবাগত রাতে বরিশালের চরমোনাই দরবার শরীফে আসেন।

তাদেরকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন।

পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সাংবাদিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

Sunday, February 23, 2025

আল্লাহর ভয় যার অন্তরে নেই তার কোনো মূল্য নেই :পীর ছাহেব চরমোনাই

আল্লাহর ভয় যার অন্তরে নেই তার কোনো মূল্য নেই :পীর ছাহেব চরমোনাই

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ লাখো মুসল্লির বুকফাঁটা কান্না ও আহাজারী নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে পানাহ চেয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফের ফাল্গুনের বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল শনিবার সকালে শেষ হয়েছে।

হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই সকাল সাড়ে ৮টায় মুরিদান ও মুসল্লিদের উদ্দেশ্যে বিদায়ী বয়ানে সকলকে কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে সবচেয়ে নিকৃষ্ট ভাবার তাগিদ দেন। তিনি বলেন, আমরা আল্লাহকে ভুলে অহরহ নাফারমানী করছি। তিনি সকলকে মহান রবের সন্তুষ্টি অর্জন করে কবরে যাবার প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান। পীর ছাহেব চরমোনাই বলেন, যার অন্তরে আল্লাহর ভয় নেই, সে যেই হোন না কেন তার কোনো মূল্য নেই।

পীর ছাহেব চরমোনাই তাকুব্বরী ও আমিত্ব ভাব ত্যাগ করে মহান আল্লাহ ও রাসূলের পথ অনুসরণেরও আহ্বান জানান। তিনি সকলকে হিংসা বিদ্বেষ পরিত্যাগসহ রাগের মুখেও লাগাম টানার তাগিদ দিয়ে বলেন, ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে, সেভাবে রাগের মুখেও লাগাম টানুন। পীর ছাহেব চরমোনাই তার বিদায়ী বয়ানে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের রাজি খুশির জন্য সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে এ লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


বিদায়ী বয়ানের পরে হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই লাখ লাখ মুসল্লিয়ানসহ মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে হাত তোলেন। প্রায় ৩০ মিনিটের আখেরি মোনাজাতে পীর ছাহেব ফিলিস্তিনসহ সারা বিশে^র নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমীনের রহমত কামনা করেন। পীর ছাহেব মুসলিম উম্মাহসহ দেশবাসীর শান্তি সমৃদ্ধির জন্যও আল্লাহপাকের দয়া চেয়ে বারবার আর্জি জানান।

গত বুধবার বাদ জোহর পীর ছাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে এবারের ফাল্গুনের বার্ষিক মাহফিলের সূচনা হয়। মূল ৭টি বয়ানে পীর ছাহেবসহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন। এছাড়া সউদী আরব, পাকিস্তান, মিশর, আফগানিস্তান, তুরস্ক, ইন্দোনেশীয়া, মালয়েশিয়া ও ভারতের বিশিষ্ট ওলামায়ে কেরমগণও এবারের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করেন।

আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লিয়ান সড়ক ও নৌপথে যার যার গন্তব্যে ফিরতে শুরু করেছেন। বরিশাল-ফরিদপুর-ঢাকা, বরিশাল-খুলনা ও বরিশাল-পটুয়াখলী জাতীয় মহাসড়কগুলোতে বাড়তি যানবাহনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


সূত্রঃ দৈনিক ইনকিলাব।

Wednesday, January 22, 2025

 ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা

ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে ছাত্র-জনতা

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিদায় করতে সাড়ে ১৫ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু রাজনৈতিকভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারিনি আমরা। তবে জুলাইয়ের আন্দোলনটা কোনও রাজনৈতিক দলের ছিল না। এটি ছিল ছাত্র-জনতার অধিকারের আন্দোলন। এর বিরুদ্ধে হাতুড়ি বাহিনী নামিয়েছিল সরকার। ফলে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন বিদায় নেয়। কাজেই এটি ছাত্র-জনতার আন্দোলনের ফসল। আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র ও যুবসমাজ।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে বরিশাল নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, ‘একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে ২৩ বছর শাসন করেছিল। কিন্তু তারা বাংলাদেশকে এক থাকতে দেয়নি। জনগণকে কয়েক ভাগে বিভক্ত করে টুকরো টুকরো করেছে। জুলাইয়ে আমরা আমাদের সন্তানদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছি ফ্যাসিবাদকে বিদায় করতে। আবু সাঈদের মৃত্যু এই আন্দোলনকে বেগবান করেছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আবু সাঈদকে মুক্তির মহানায়ক বলছে। তার পরিবারের কাছে গিয়ে আমরা ধন্য হয়েছি। এমন সন্তান জন্ম দিয়ে তার বাবা-মাও সৌভাগ্যবান।’
আন্দোলনে হাজারো পরিবারের সন্তান শহীদ হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজনের রাক্ষসী মনোভাবের কারণে এত মানুষ শহীদ হয়েছে। তিনি গণহত্যাকারী এবং তার দলও। আমরা গণহত্যাকারী প্রতিটি ব্যক্তির বিচার চাই। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। একে একে দলের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। নেতাকর্মীদের বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছে।’ 

জামায়াতের আমির আরও বলেন, ‘সভা-সমাবেশে আমাকে প্রশ্ন করা হয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা মনে করি, আগে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। বিচার হওয়ার পর গণহত্যার শিকার পরিবারগুলো সিদ্ধান্ত দেবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা।’
মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, মুয়াযযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার।

Monday, January 6, 2025

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার

 
সমিতি দখলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা।


তিস্তা নিউজ ডেস্ক : বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।

আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়। 

নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।

আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।

Sunday, January 5, 2025

বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বে কেমিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর

বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বে কেমিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর

 

তিস্তা নিউজ ডেস্ক : জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছে, সেইসঙ্গে তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি সারা বরিশালে ওষুধ বিক্রয় সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) ভোরে বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ের নিজস্ব ভবনে এ ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানান, দুই ঘণ্টা ধরে চালানো তাণ্ডবে ২০ জন শ্রমিক অংশ নেন।  

সমিতির কম্পিউটার অপারেটর দেবাশীষ হালদার বলেন, পাশের পর্যটন হোটেল মালিক ইকবাল আজম তাদের সমিতির নিজস্ব ভবনের জমির মালিকাকানা দাবি করে পর্যায়ক্রমে ২১টি মামলা করেন।

কিন্তু আমাদের বৈধ ক্রয় দলিল রয়েছে। তারপরও শনিবার শেষ রাতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে ওই হোটেল মালিকের লোকজন জমি দখলের জন্য ভাঙচুর করে অনেকটা ক্ষতিগ্রস্ত করে এবং নগদ অর্থ নিয়ে যায়।

তবে এ বিষয়ে হোটেল মালিক কিংবা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। যদিও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা দিলে তারা তাও গ্রহণ করবেন।  

এদিকে আটক শ্রমিক জানিয়েছেন, তাদের ভবন ভাঙার জন্য আনা হয়েছিল। তিনি দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেছেন, তাকে যে কাজ দেওয়া হয়েছে তাই তিনি করেছেন, এখানে তার কোনো দোষ নেই।  

অপরদিকে সকালে খবর পেয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা ঘটনাস্থলে যান এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

Wednesday, January 1, 2025

Tuesday, December 31, 2024