Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Tuesday, August 25, 2026

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

বিদিশা এরশাদ 

তিস্তা নিউজ ডেস্ক:  মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করাহয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন আমার দেশকে জানান।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারি হওয়ার পর তিনি আত্মগোপনে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্রঃ দৈনিক আমার দেশ।


Sunday, August 9, 2026

গ্রেফতার হলেন ১০০ টাকার ভাতের হোটেল মিজান

গ্রেফতার হলেন ১০০ টাকার ভাতের হোটেল মিজান

ভাইরাল মিজান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা সেখানে যান। তখন মিজান তাদের ওপর চড়াও হন।

ওসি বলেন, এ সময় সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন মিজান। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Thursday, July 2, 2026

সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার সাভারের আশুলিয়ায় ব্রাজিলজাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বালুচাপা দেওয়ার অভিযোগ উঠেছে চারজন ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত নাহিদ হাসানের (১৫) পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বুধবার (১ জুলাই) রাতে আশুলিয়া থানায় অভিযুক্ত হামজাকে থানায় হাজির করেন নিহতের স্বজনরা। এর আগে, গত ২৯ জুন রাত আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার সাধুপাড়া এলাকার গরুর হাটের বালুচরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত নাহিদ হাসান (১৫) লালমনিরহাটের বড়বাড়ীপঞ্চগ্রামের মোস্তাকের ছেলে। তিনি বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে এ ঘটনার শিকার হয। নিহতের বাবা মোস্তাক পেশায় একজন কসাই।

নিহতের পরিবারের অভিযোগ, ব্রাজিলজাপান ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। পরে তারা নাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং মরদেহটি আশুলিয়ার বালুচরে নিয়ে বালুর নিচে চাপা দিয়ে পালিয়ে যায়।নিহতের বাবা মোস্তাক বলেন, ‘আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের চাচা ওমর ফারুক বলেন, ‘আটক হামজা স্বীকারোক্তি দিয়েছে সে মারেনি, রাকিব, মেহেদী এবং সিয়াম মারছে। রাত থেকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজ করছে। অভিযুক্ত হামজা একেক সময় একেক জায়গা দেখিয়ে পুলিশকে ধোঁকা দিচ্ছে।’ এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার হলে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Thursday, April 23, 2026

বাসভাড়া বাড়ল

বাসভাড়া বাড়ল


তিস্তা নিউজ ডেস্ক ঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা এবং চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এবিষয়ে সভা শুরু হয়। সড়কমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিবহন মালিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা সহ-সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

Tuesday, April 7, 2026

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

স্পিকার শিরীন শারমিন চৌধুরী 

তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। 

শিরীন শারমিন চৌধুরীকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। 

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর শেখ হাসিনা পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। 

Tuesday, March 10, 2026

তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তিতুমীর কলেজে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 


হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী ঃ  সরকারি তিতুমীর কলেজ ঢাকায় অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদ–এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল মুরাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান হিমেল।

নবনির্বাচিত সভাপতি আল মুরাদ বলেন, “আমরা চাই দলমত নির্বিশেষে জেলার সকল শিক্ষার্থীর পাশে দাঁড়াতে এবং তাদের একাডেমিক ও ক্যারিয়ার গঠনের পথ দেখাতে। আমরা ঐক্যবদ্ধভাবে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ পরিষদকে একটি পরিবার হিসেবে গড়ে তুলব এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকব, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, “বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত প্রাণের জেলা নীলফামারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমি চাই অর্থনীতির পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও এ জেলার মানুষের অবস্থান প্রথম সারিতে দৃশ্যমান হোক। সেই লক্ষ্যেই তিতুমীর কলেজে অধ্যয়নরত নীলফামারী থেকে আগত শিক্ষার্থীদের পড়াশোনা ও সংশ্লিষ্ট সকল বিষয় যেন সহজ হয়—সে জন্য আমরা কাজ করব। আমরা একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখব এবং শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে দাঁড়াবো।”

তিনি আরও বলেন, “সকল প্রকার রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। এর মাধ্যমে আমাদের মধ্যে শক্ত ঐক্য তৈরি হবে, যা তিতুমীর কলেজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”

এদিকে সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সোয়াইব খান বলেন, “নীলফামারী জেলার প্রতিটি শিক্ষার্থী যেন ঢাকার বুকে এই সংগঠনের মাধ্যমে একটি পরিবার খুঁজে পায়—এটাই আমাদের প্রত্যাশা। সবার মধ্যে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধনকে আরও শক্তিশালী করতেই নতুন কমিটি দায়িত্বশীলভাবে কাজ করবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন নেতৃত্বে সংগঠনটি শিক্ষা, মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও উচ্চতায় পৌঁছাবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নীলফামারী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করে সংগঠনটি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Monday, January 26, 2026

ডাকসু থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ডাকসু থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

সর্বমিত্র চাকমা 

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-২ নামে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন সর্বমিত্র নিজেই। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে শিক্ষার্থীদের কান ধরে ওঠবস করানোর জন্য ক্ষমাও চেয়েছেন।

পোস্টে সর্বমিত্র লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনা ঘটে , মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে।

তিনি বলেন, উদ্বেগজনক বিষয় হলো, এই পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে অবগত করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শারীরিক শিক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়নি, নিরাপত্তা জোরদার করা হয়নি, এমনকি বহিরাগতদের প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই দীর্ঘস্থায়ী নীরবতা ও অসহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তার অভিযোগ, বহিরাগতরা নিয়মিতভাবে ঢাকা মেডিকেল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে প্রবেশ করে। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করেছে। নিষেধ করতে গেলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছুঁড়ে পালিয়ে যায়—যা একটি চরম নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। এমন বাস্তবতায় শিক্ষার্থীরা বারবার অভিযোগ জানালেও কার্যকর সমাধান না আসায় ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়তে থাকে।

প্রশাসনিক ব্যর্থতা উল্লেখ করে সর্বমিত্র বলেন, এই প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে তাদের কান ধরে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি—এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।

সর্বশেষ পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, একই সাথে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ হতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত , কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয়। আমি মনে করি, শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন , আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

Wednesday, January 14, 2026

ঢাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

ঢাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

 

নিহত আনোয়ার উল্লাহ 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসভবনে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে। নিহত আনোয়ার উল্লাহ (৭৬) ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি একজন হোমিওপ্যাথি চিকিত্সক ও শিক্ষক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে ঐ ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন। গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুই ব্যক্তি বাসায় প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।


পারিবার সূত্রে জানা গেছে, খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে খুন করে। এরপর তারা আট ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নেয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনোয়ারুল্লাহ এলাকায় একজন মানবিক চিকিত্সক হিসেবে পরিচিত ছিলেন।


নিহতের জামাতা মো. শামসুদ্দোহা জানান, ভোর ৫টার দিকে তার শাশুড়ি কল করে তাকে এ ঘটনা জানান। তিনি বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। গুরুতর অবস্থায় আনোয়ার উল্লাহকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

Saturday, January 10, 2026

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

স্বেচ্ছাসেবক দলের মুছাব্বির হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক


তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের আটক করেছে।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন। এঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


Monday, January 5, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি


তিস্তা নিউজ ডেস্ক ঃ ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহা. মহিউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন।

Thursday, October 30, 2025

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিএনপি নেতা এহসানুল হক মিলনকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিএনপি নেতা এহসানুল হক মিলনকে


তিস্তা নিউজ ডেস্ক ঃ বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে এহসানুল হক মিলন সাংবাদিকদের বলেন, ‘আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে মিলন লেখা নেই। আমার ভুলের কারণে ফেরত আসতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।’

Sunday, October 26, 2025

জানা গেল মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয়

জানা গেল মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত যুবকের পরিচয়

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।

আক্কাস আলী বলেন, নিহতের কাছ থেকে পাসপোর্ট পাওয়া গেছে। এর তথ্য অনুযায়ী, তার বাড়ি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি। তার জন্ম ১৯৯০ সালে।


এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সাংবাদিকদের বলেন, নিহতের সব দায়-দায়িত্ব আমরা গ্রহণ করব।

প্রাথমিকভাবে পরিবারকে সহায়তা হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। যদি পরিবারে কর্মক্ষম কেউ থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়।


Saturday, October 4, 2025

আমরা চাই যিনি নামাজের ঈমাম, তিনি হবেন সমাজের ইমাম - ডাঃ শফিকুর রহমান

আমরা চাই যিনি নামাজের ঈমাম, তিনি হবেন সমাজের ইমাম - ডাঃ শফিকুর রহমান

 

মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজঃ  আজ শনিবার (০৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ওলামা মাশায়েখ ওয়ায়েজিনগনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, ওয়ায়েজিন মুফাসিরিনগনের উপস্থিতিতে প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আবেগঘন কন্ঠে বলেন- "আমি আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি, কোনো বিতর্কিত বক্তব্য দিয়ে আগত একটি সুন্দর সম্ভাবনাকে নষ্ট করবেন না আল্লাহর ওয়াস্তে।" তিনি আরও বলেন, আমরা চাই, যারা নামাজের ইমাম তারা সমাজেরও ইমাম হবেন। একটি সুন্দর, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে আলেম ওলামাদেরকেই নেতৃত্বের আসনে আসীন হতে হবে। দেশের মানুষ আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার অপেক্ষায় আছে।

সমাবেশে মুফতি আমীর হামজা, মাওলানা তারেক মনোয়ার, শায়খ জামাল উদ্দিন সহ প্রথিতযশা আলেম ও মুফাসসিরগনকে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে। আমীরে জামায়াত একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা মাশায়েখ ওয়ায়েজিনগণকে বিতর্কিত বক্তব্য পরিহার করে কোরআন হাদিসের মৌলিক ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরার উদাত্ত আহ্বান জানান।

Monday, July 21, 2025

জলঢাকার মাহরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত

জলঢাকার মাহরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর ও  নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি মাহরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত মাহরিন চৌধুরী (৪২)। শিশুদের হাত ধরে স্কুল গেট পার করানো তার নিত্যদিনের দায়িত্ব। কিন্তু আজ বৃহস্পতিবার দুপুরে সেই স্কুল গেটেই ঘটে গেলো ভয়াবহ ঘটনা।

বৃহস্পতিবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় মাহরিনের শরীর। সেই পোড়া শরীর নিয়েই চেষ্টা করেন শিশুদের বাঁচাতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন মাহরিন। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

মাহরিনের স্বামী মনসুর হেলাল  বলেন, মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত সব ঝলসে গেছে। আমার মনে হচ্ছে ১০০ শতাংশ দগ্ধ।

তবে লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামীর সঙ্গে কথা বলেন মাহরিন। এ বিষয়ে মনসুর হেলাল বলেন, মাহরিন বলেছেন- স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন। ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সেসময় তিনি বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন।

Friday, June 27, 2025

রূপনগরে ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ বিএনপির

রূপনগরে ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ বিএনপির



তিস্তা নিউজ ডেস্ক ঃ পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও বেশি নিমগাছ রোপণের পরিকল্পনা ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (২৭ জুন) রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পরপরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে এই নিমগাছ রোপণ শুরু হবে।
এই কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।
আমিনুল হক আরও বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন সংগঠন।
দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান-এই স্লোগানটি শুধু মুখের কথা নয়, এটি বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
রাজধানীতে ১০ লাখ গাছ লাগাবে - জামায়াতে ইসলামী

রাজধানীতে ১০ লাখ গাছ লাগাবে - জামায়াতে ইসলামী



তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াতে ইসলামী। এসময় তিনি আরো বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তোলা হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে পুরানা পল্টন কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে পরিবেশ সুরক্ষায় সামাজিক বনায়ন গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় যা-যা করণীয় জামায়াতে ইসলামী তার সবকটিই করবে। পরিবেশ দূষণ মুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখতে পারে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আধুনিক ঢাকার প্রাণ শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে। তাই প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং নগরবাসীকে নিরাপদ বাতাসের ছায়াতলে রাখার লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবছরও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। একটি গাছ কাটার আগে ৫টি গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। গাছ কেটে নতুন করে গাছ না রোপণ করলে পরিবেশের বিপর্যয় ঘটবে। এসময় তিনি আরো বলেন, গাছের অভাবে যেভাবে পরিবেশ নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়; সৎ, দক্ষ ও নৈতিক মানবিক নেতৃত্বের অভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নেতৃত্বকে বয়কট করে সৎ, দক্ষ ও নৈতিক আদর্শিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তবে সমাজ আলোকিত হবে। তিনি পরস্পর শিষ্টাচার বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।


Wednesday, May 14, 2025

ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



তিস্তা নিউজ ডেস্ক ঃইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে নগরবাসীর ব্যানারে ইশরাক সমর্থকরা মানববন্ধন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোড়ালো দাবি জানান তারা।

বুধবার সকাল সকাল ৮টার পর থেকে নগরভবনে মূল গেটের সামনে মানববন্ধন শুরু করেন নগরবাসী। ধীরে ধীরে কয়েক হাজার মানুষ জোড়ো হয়ে সমাবেশের রূপ নেয়। বেলা ১০টার দিকে মূল ফটক থেকে নগরভবনে সিঁড়িতে এসে অবস্থান নেন তারা।

এসময় হাসান মাহমুদ নামের একজন বলেন, ইশরাক হোসেনকে আমরা ভোট দিতে পেরেছি। সরকারের দরকার নাই, আমাদের মেয়রকে আমরা শপথও পড়াতে পারবো। হাজার হাজার মানুষ আজ এখানে এসেছে। এখানে দলমত নির্বিশেষে সবাই এসেছে। মূলত জনতার মেয়রকে পদে বসাতে, মেয়র হিসাবে দেখতে জনতায় রাস্তায় নেমেছে। এটা ঢাকাবাসীর প্রাণের দাবি।

মাইক থেকে ইশরাক হোসেনের উদ্দেশ্যে বলা হয়, আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে। আমরা ঢাকা মহানগরীর জনগণ আপনাকে আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় শহীদ মিনারে শপথ পরাবো এবং মেয়র পদে বসাবো। দেশের মালিক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করাতে পারলে শপথ পরিয়ে চেয়ারেও বসাতে পারে। আর আদালতে রায় পালন না করার কারণে এই সরকারের দায়িত্বশীলরা আদালত অবমাননার দায়ে অপরাধী হবে।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপশকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। ফ্যাসিস্ট পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল তালবাহানা করছে। তাকে শপথ গ্রহণ ও দায়িত্ব বুঝে দিচ্ছে না। ফলে ঢাকাবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা আজকের মধ্যে তাকে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাবো।

তারা বলেন, যেখানে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশন আদেশ জারি করেছেন, সেখানে কেনো তাকে শপথ নিতে দেয়া হচ্ছে না। দায়িত্ব বুঝে দেয়া হচ্ছে না। কোন ষড়যন্ত্রের কারণে তার দায়িত্ব বুঝে দেয়া হচ্ছে না তার কারণ জানতে চাই। হুঁশিয়ার দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমাদের ন্যায্য অধিকার আদায়ে লক্ষ লক্ষ ঢাকাবাসী রাস্তায় নেমে আসবো। দাবি আদায় করেই রাজপথ ছাড়বো।


গত ২৭ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইন মন্ত্রণালয়ের পরামর্শ পাওয়ার পর এই গেজেটে প্রকাশ করেছে ইসি। এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। তাতে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।


সূত্রঃ দৈনিক আমারদেশ।

Thursday, May 8, 2025

সাংবাদিকদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে: মাহমুদুর রহমান

সাংবাদিকদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে: মাহমুদুর রহমান



তিস্তা নিউজ ডেস্ক ঃআমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিকদের প্রথমে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছরে সিনিয়র সাংবাদিক নামধারী ব্যক্তিরাই চাটুকারিতার মাধ্যমে গণমাধ্যমের সবচেয়ে বেশি ক্ষতি ও ভাবমূর্তি ভূলুণ্ঠিত করে গেছেন। সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

মাহমুদুর রহমান আরো বলেন, আমার দেশ কারো চাটুকারিতা করবে না, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে কুণ্ঠাবোধ করবে না। এরই মধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমার দেশ। কোনো এলিট শ্রেণির গণমাধ্যম হবে না, গণমানুষের গণমাধ্যম হিসেবে আমার দেশ সবসময় ভূমিকা পালন করবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আব্দুল্লাহ, দ্যা ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, আসিফ শওকত কল্লল প্রমুখ।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ-এর সদস্য সচিব মিয়া হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

Saturday, March 8, 2025

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

 
প্রতিকী ছবি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্যার সৈয়দ রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা  উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, রাত ১০টায় হঠাৎ করে একটি লোক বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় আশপাশে সবাই তারাবি নামাজরত অবস্থায় ছিল। বোমা নিক্ষেপের পর কয়েকজন তা দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দুটি স্কচটেপ ও রশি দিয়ে মোড়ানো প্লাস্টিকের বোতল উদ্ধার করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থল থেকে রশি দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। 


সিসিটিভি ক্যামেরা যাচাই করে অপরাধীদের শনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি। 

Wednesday, February 26, 2025

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, ঝুলিয়ে রাখা হলো ফুটওভারব্রিজে

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, ঝুলিয়ে রাখা হলো ফুটওভারব্রিজে

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে দড়ি দিয়ে তাদের বেঁধে ঝুলিয়ে রাখা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। 
উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ বলেন, ‌‌উত্তরার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজে দুজনকে ঝুলিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। 
তাদের বেঁধে গণপিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, স্থানীয় লোকজনদের কেউ কেউ তাদের মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের নিবৃত্তকেরতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্যেমোবাইল ফোনে ভিডিও করছিলেন।