Showing posts with label পাবনা. Show all posts
Showing posts with label পাবনা. Show all posts

Friday, May 22, 2026

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীদের হামলায় উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম জানা যায়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় বিক্ষোভ করেন।

আহত জামায়াত নেতা জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কয়েকজন কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের কথা-কাটাকাটি হয়। এ সময় জিল্লুর তাঁদের একজনকে থাপ্পড় মারেন। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে বাড়ি ফেরার সময় কালিনজিরা ব্রিজের ওপর তাঁর ওপর হামলা চালানো হয়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হামলার খবর শুনে রাত ১০টার দিকে স্থানীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগারের নেতৃত্বে নেতাকর্মীরা থানা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। তাঁরা আসামিদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা দায়েরের কাজ চলছে। দ্রুতই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। তবে গ্রেপ্তারের স্বার্থে তিনি হামলাকারীদের নাম জানাতে অস্বীকৃতি জানান।

Friday, January 9, 2026

পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত

পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত


তিস্তা নিউজ ডেস্ক ঃ সীমানা জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (০৯ জানুয়ারি) এই তথ্য জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপিল বিভাগের আদেশেই এই সিন্ধান্ত নেয়া হয়েছে।

Monday, January 5, 2026

পাবনায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে অর্ধদিবস হরতাল

পাবনায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে অর্ধদিবস হরতাল


তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ‘নেসকো’র প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর ও সহকারী প্রকৌশলী হুসেইন তোহাকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। সচেতন নগরবাসী ফোরামের পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি চলাকালে ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড, চাঁদ আলী মোড়, ফতেমোহাম্মদপুর, বকুলের মোড়, পোস্ট অফিস মোড়, আলহাজ মোড়, বড়ইচারা, ভেলুপাড়াসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ বেঁধে সড়ক অবরোধ করা হয়। দুপুর ১২টার পর হরতাল শেষে জিরো পয়েন্টে পথসভা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক রাজিবুল আলম ইভান। 

রাজিবুল আলম ইভান বলেন, নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, আন্দোলনকারীদের ২০১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নেসকোর ঈশ্বরদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর ও সহকারী প্রকৌশলী হুসেইন তোহাকে প্রত্যাহার, মিটার রিডার নজরুল ইসলামকে অপসারণসহ ছয় দফা দাবি পূরণ না হলে পরবর্তীকালে পূর্ণদিবস হরতাল ও অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

পথসভায় অন্যদের মধ্যে ফোরামের ভারপ্রাপ্ত সদস্য রাগিব আহসান রিজভী, সদস্য কায়েদে আজম, ইমরান আহমেদ, সুলতানা পারভীন, রুবেল আহমেদ, শামীম আহমেদ, দুলাল মণ্ডল, ডা.আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য দেন।

Wednesday, October 15, 2025

বদলির পর সরকারি কোয়ার্টারের দরজা-জানালাও নিয়ে গেলেন প্রকৌশলী!

বদলির পর সরকারি কোয়ার্টারের দরজা-জানালাও নিয়ে গেলেন প্রকৌশলী!



তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনায় গণপূর্ত বিভাগের একটি সরকারি স্টাফ কোয়ার্টারের দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তিনি বিভাগটির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব জিনিসপত্র সরিয়ে নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, গণপূর্ত বিভাগের ওই কোয়ার্টারটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নেই দরজা-জানালা, নেই কোনো আসবাবপত্র—ভেতরে পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ। জানা যায়, ইব্রাহিম হোসেন পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগ-১ এ কর্মরত ছিলেন এবং ছয় মাস আগে বদলি হয়ে যান রাঙামাটি গণপূর্ত বিভাগে।

অন্যদিকে, স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করেছেন, ইব্রাহিম হোসেন দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং ইতোমধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের নামও উঠে এসেছে, যিনি নাকি পছন্দমতো কর্মকর্তাদের বদলির মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখেন।


এ বিষয়ে পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত অফিস ত্যাগ করেন।


নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, ‘স্টাফ কোয়ার্টারটি পরিত্যক্ত ছিল। যে কেউ চাইলে সেখানে থাকতে পারে, এতে বাধা নেই। ইব্রাহিম হোসেন যে জিনিসপত্র নিয়ে গেছেন, সেগুলো পুনরায় স্থাপন করা হচ্ছে।’


পাবনার সচেতন মহল বলছে, একের পর এক দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ছে গণপূর্ত বিভাগ। তারা দাবি করেছেন, দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার তদন্তের মাধ্যমে এসব অসৎ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হোক।


সূত্রঃ দৈনিক যায়যায়দিন।

Tuesday, July 8, 2025

দেশের স্বার্থে আসুন ঐক্যবদ্ধ হই: নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আসুন ঐক্যবদ্ধ হই: নাহিদ ইসলাম



তিস্তা নিউজ ডেস্ক ঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্বার্থে কোনো আপস নয়, জনগণকে সঙ্গে নিয়ে যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।সোমবার ( ৬ জুলাই) রাত ১১টায় পাবনা শহরের শহীদ চত্বরে এনসিপির পাবনা-নাটোর-সিরাজগঞ্জ পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম।

সেই আন্দোলনে যেমন আপস করিনি, ভবিষ্যতেও করব না।গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমার ভাই-বোনেরা শহীদ হয়েছেন। তাদের সাংবিধানিক স্বীকৃতি ও শহীদের মর্যাদা দিতে হবে।

এজন্য প্রয়োজন ‘জুলাই সনদ’। এই দাবিতে আমরা অনড়।এনসিপির আহ্বায়ক আরও বলেন, ২৪ সালের আন্দোলনে পাবনাবাসীসহ উত্তরবঙ্গের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ প্রতিহত করেছিল। সেই রক্ত যেন বৃথা না যায়, সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের উন্নয়নে পাবনাবাসীর অবদান স্মরণীয় থাকবে।

কোনো ষড়যন্ত্রকারীকে ছাড় দেওয়া হবে না।সভায় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Friday, May 16, 2025

কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন! ভোটার তালিকাও প্রকাশ

কবরস্থানের সভাপতি পদের জন্য নির্বাচন! ভোটার তালিকাও প্রকাশ

 

তিস্তা নিউজ ডেস্ক ঃভোটের মাধ্যমে প্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। এ ছাড়া বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সাথেও সবাই পরিচিত। কিন্তু শুনলে অবাক হবেন কবরস্থান পরিচালনা কমিটি নিয়ে নির্বাচন এবং ভোটগ্রহণ হবে।

অবিশ্বাস্য হলেও সত্য উত্তরের জেলা পাবনার চাটমোহরে এমনই এক ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে।

ইতোমধ্যে এই নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে তফশিল। শুধু কী তাই, দুইজন প্রার্থী মনোনয়ন কেনার পর দাখিল করেছেন। সেইসঙ্গে দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। দুই প্রার্থী নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা। বিষয়টি পুরো উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর মাঝে বেশ উৎসাহ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের সমাজ নিয়ে গঠিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। স্থানীয় বিএনপির নেতারা সভাপতির পথ দখল করতে মরিয়া হয়ে ওঠে

 তাহলে সভাপতি কে হবেন? এমন প্রশ্নে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। এলাকাবাসী থানার ওসির কাছে দাবি জানান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। 

এদিকে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারকে নির্বাচন কমিশন প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ঘোষণা করা হয় তফশিল। বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৮০০ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কবরস্থান কমিটির ‘সভাপতি’ নির্বাচিত করবেন। আগামী ২৪ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এই নির্বাচন এলাকায় উৎসাহের আমেজ সৃষ্টি করেছে। চলছে প্রার্থীদের প্রচারণা আর আপ্যায়ন৷ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন কবরস্থান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। 


Thursday, May 15, 2025

বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, উপজেলা অফিস ভাঙচুর

বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, উপজেলা অফিস ভাঙচুর

বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষ, উপজেলা অফিস ভাঙচুর।


তিস্তা নিউজ ডেস্ক ঃপাবনার আটঘরিয়া উপজেলা দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ও জামায়াতের অফিস এবং ২৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনা উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দেবোত্তর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তফসিল ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন দুপুরে আটঘরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন অভিভাবক সদস্য পদের মনোনয়ন পত্র উত্তোলন করেন। তার সাথে আরও দুজন বিএনপি সমর্থিত অভিভাবকও মনোনয়নপত্র উত্তোলন করেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর উপজেলা আমির নকিবুল্লাহ, সাবেক আমির নাসির, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ালিউল্লাহসহ বেশকিছু নেতাকর্মী গিয়ে তাদের মনোনীত একজনের মনোনয়নপত্র চান। এ সময় বিএনপির পক্ষ থেকে বাঁধা প্রদান করা হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় জামায়াতের একজন মারধরের শিকার হন। এ খবর পেয়ে উপজেলার বিভিন্নস্থান থেকে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক দেবোত্তর বাজারে জড়ো হয়। তারা বিক্ষোভ মিছিল নিয়ে দেবোত্তর বাজার ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এরপর জামায়াতের নেতাকর্মীরা দুপুরে যোহরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এদিকে, সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আবার মিছিল বের করে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেবোত্তর বাজারে বিএনপি অফিস ও আশপাশের কমপক্ষে ২৩টি মোটর সাইকেল ভাঙচুরে করা হয়। উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এদিকে অবস্থা বেগতিক ভেবে মুর্হূতের মধ্যে বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। 

আহতদের মধ্যে বিএনপির মামুন (৪২), কামরুল ইসলাম (৩৮), আছিম উদ্দিন (৫৫), রতন মোল্লা (৩৮) ও জামায়াতে ইসলামীর সাইদুল ইসলাম (৪২) এর নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা বিভিন্ন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম জানান, জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত আমাদের দলীয় অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করছে। কলেজে তাদের সাথে ধাক্কাধাক্কির করে বের করে দেয়ার ঘটনা ঘটেনি। জামায়াতের নেতারা বানিয়ে বানিয়ে বলছে। কি কারণে ভাঙচুর করছে জানতে চাইলে তিনি বলেন, এখানে পুলিশসহ সবাই বসছে। এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। 

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মো. নকিবুল্লাহ জানান, দেবোত্তর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভভাবক সদস্য পদের মনোনয়নপত্র জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তুলতে গেলে বিএনপির লোকজন বাঁধা দেয়। সেই সাথে তারা আমাদের আটঘরিয়া পৌর জামাতের আমিরকে মারধর করে। আসরের নামাজ আদায়কালে বিএনপির লোকজন মসজিদের সামনে গুলি ও বোমা ফাটালে আমরা নামাজ শেষে তাদের প্রতিহত করতে ধাওয়া দিয়েছি। পরে মিছিল থেকে অনেকে মুসল্লি ছিল তাদের মধ্যে হয়তো কেউ বিএনপির অফিস ভাঙতে পারে। সন্ধ্যার পরে আবার বিএনপি নেতাকর্মীরা আমাদের অফিস ভাঙচুর করেছে। 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোা. শফিকুজ্জামান জানান, উভয়পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম জানান, অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আজ ছিল শেষ দিন। বিএনপির পক্ষ থেকে তিনজন উত্তোলন করলেও জামায়াতে লোকজন তুলতে আসলে তাদের বাঁধা দেয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসের বাইরে কি হয়েছে সেটা আমার জানা নেই। তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবেই কলেজের এই নির্বাচন সম্পন্ন করা হবে।


সূত্রঃ চ্যানেল 24 অন লাইন।


Monday, February 17, 2025

পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত কার্যালয়ে হামলার অভিযোগ

পাবনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জামায়াত কার্যালয়ে হামলার অভিযোগ



তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অভিযুক্ত করা হয়েছে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে।
জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই জমি নিয়ে স্থানীয় জামায়াত নেতা আবদুল্লাহ করিমের সঙ্গে জেলা সদরের মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর লোকজনের বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের কার্যালয়ে হামলা করা হয়। এ সময় কয়েকটি দোকানপাট ও জামায়াতের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
জামায়াত নেতা আবদুল্লাহ করিম অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকেই মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর নেতৃত্বে দখলদারি ও আধিপত্য বিস্তার চলছিল। তার নির্দেশেই নিজেদের শক্তি জানান দিতে জামায়াতের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ২৫-৩০ জন অস্ত্রধারী পিস্তল, বন্দুক, রামদা, চায়নিজ কুড়াল নিয়ে হিমাইতপুর ইউনিয়নের কুমারগাড়ি স্থানীয় জামায়াতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। তারা একটি মুদিদোকান ভাঙচুর করে লুট করে। এ ছাড়া অটোরিকশার গ্যারেজ ও জামায়াত নেতা আবদুল করিমের বাড়ি ভাঙচুর করা হয়। পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরপর ককটেল বিস্ফোরণ ও গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ইয়াকুব আলী বলেন, ‘এ ঘটনা আমি মোটেও জানি না। ঘটনার সময় থানার ওসি সাহেবের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দিই। এর বেশি কিছু জানা নেই। রাজনৈতিকভাবে হেয় করতে আমার ওপর মিথ্যা দায় চাপানো হচ্ছে। আমি এর প্রতিবাদ করছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ইত্তেফাককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঝামেলা ও ভাঙচুরের তথ্য পাওয়া গেছে। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 সূত্রঃ দৈনিক ইত্তেফাক।

Thursday, February 13, 2025

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন তিন ভাই, পরিবারে খুশির বন্যা

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন তিন ভাই, পরিবারে খুশির বন্যা

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আপন তিন ভাই। সাড়ে ৫ বছর পর তিন ভাই খালাসের পর বাড়ি ফিরে এসেছেন। এতে আনন্দ-উৎসবে মেতেছেন পরিবারের সবাই। মঙ্গল ও বুধবার (১২ ফেব্রুয়ারি) আপন তিন ভাইসহ মুক্ত সকল নেতাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

মুক্তি পাওয়া তিন ভাই হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। এই মামলায় আপন তিন ভাইসহ মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছিল। এছাড়াও এ মামলায় ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।

মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ৯ আসামিসহ সব আসামিদের খালাসের জন্য বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানির পর গত ৫ ফেব্রুয়ারি বিচারপতিদের গঠিত বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ ৪৭ জনের খালাসের রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে খালাস পান আপন তিন ভাইসহ এ মামলার সব আসামি।

খালাসের রায় ঘোষণার ৬ দিন পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আপন তিন ভাইয়ের মধ্যে মকলেছুর রহমান বাবলু রাজশাহী কারাগার ও রেজাউল করিম শাহীন পাবনা কারাগার থেকে মুক্ত হন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হন মাহাবুবুর রহমান পলাশ। তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে নিজ বাড়িতে ফেরেন বুধবার রাত সাড়ে ১০টায়।

কারামুক্ত মাহাবুবুর রহমান পলাশের মেয়ে তাসনিম মাহবুব প্রাপ্তি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের ইতিহাসে নয়, মনে হয় পৃথিবীর ইতিহাসেই বিরল মিথ্যা মামলায় একই পরিবারের একইসঙ্গে আপন তিন ভাইয়ের ফাঁসির রায়। আল্লাহর রহমতে আমার আব্বু আজ মুক্তি পাচ্ছেন। দুই চাচা গতকাল মুক্তি পেয়েছেন।’

মকলেছুর রহমান বাবলুর ছেলে মেহেদি হাসান শরৎ বাবার সঙ্গে ছবি তুলে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা সাবেক সফল মেয়র মকলেছুর রহমান বাবলু দীর্ঘ কারাবাসের পর আমাদের মাঝে ফিরে এসেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

Monday, January 27, 2025

পাবনায় পুলিশ দেখে দৌড়, শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনায় পুলিশ দেখে দৌড়, শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ঈশ্বরদীতে পুলিশের হাতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামি নাসিমা বেগমকে তাড়া দিয়ে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় রাজু আহম্মেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে আটক হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌরসভার মধ্য অরোনকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল ৫ টার দিকে বাঘইল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নাসিমা বেগম ওই এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজু আহম্মেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।


জানা যায়, ৫ আগস্টের পর থেকেই তারা পলাতক ছিলেন। বোরকা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ দেখে নাসিমা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে তাড়া দিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামীলীগ নেত-কর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে। লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে।


স্থানীয়রা জানান, গত ১০ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম। কেউ কিছু বলতে গেলে তাকে দলের প্রভাব দেখিয়ে নানা হুমকি-ধমকি দিত।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত দু’জন আসামিকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Wednesday, January 8, 2025

মুড়িকাটা পেঁয়াজের দরপতন, বিঘাপ্রতি লোকসান ২৫ হাজার টাকা

মুড়িকাটা পেঁয়াজের দরপতন, বিঘাপ্রতি লোকসান ২৫ হাজার টাকা

 


তিস্তা নিউজ ডেস্ক: পাবনায় মুড়িকাটা পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা মণ। এতে লোকসানে পড়েছেন কৃষকরা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয়,পরে উত্তোলন মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। ন্যায্যমূল্য নিশ্চিতে পেঁয়াজ উত্তোলন মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানি সাময়িক বন্ধের দাবি জানিয়েছেন কৃষকরা।


গত কয়েক বছর ধারাবাহিকভাবে লাভবান হওয়ায় এ বছরও সুজানগর, সাঁথিয়া, বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা। প্রথম দফায় উচ্চমূল্যে কেনা কন্দবীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে আবারও রোপণ করায় খরচ বাড়ে দ্বিগুণ।


দেরিতে রোপণ করায় কাঙ্ক্ষিত ফলন পাননি পেঁয়াজ চাষীরা। এই না পাওয়ার আক্ষেপের মাঝেই এখন মড়ার উপর খাড়ার ঘা,বড় ধরনের দরপতন। তারপর বর্তমানে যে দাম মিলছে তাতে বিঘা প্রতি লোকসান প্রায় ২৫ হাজার টাকা। এমন হলে আগামীতে পেঁয়াজ আবাদ না করার চিন্তা চাষীদের।


লক্ষ্মীপুর গ্রামের পেঁয়াজ চাষি মনিরুল ইসলাম বলেন, এবার মুড়িকাটা পেঁয়াজ লাগাতে আমাদের বিঘায় এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা খরচ। ফলন পেয়েছি বিঘায় ৫০ মণ। ১৫০০ টাকা মণ বিক্রি করলে ৭৫ হাজার টাকা পাচ্ছি। লোকসান ৩০ থেকে ৪০ হাজার টাকা। এরকম হলে আগামীতে পেঁয়াজ আর লাগাবো না।


উপজেলার বামুন্দি গ্রামের কৃষক ময়েন উদ্দিন খান বলেন, প্রথমে পেঁয়াজ লাগানোর পর বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। অনেকে সেগুলোই জমিতে রেখে বাঁচানোর চেষ্টা করেছে। আবার বেশিরভাগ নষ্ট হয়ে যাওয়ায় আবার নতুন করে রোপণ করতে হয়েছে। এতে খরচ বেড়েছে দ্বিগুণ। কিন্তু সে অনুপাতে ফলনও কম, আবার বাজারে তো দামও কম। দাম কমে যাওয়ায় উৎপাদন খরচই উঠছে না।


পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী আশরাফ আলী জানান, সবাই পেঁয়াজ তুলছে। হাটে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। আমরা বাজার অনুযায়ী কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাই। এখানে আমাদের কোনো সিন্ডিকেট নেই। এ পেঁয়াজ তো বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না।


সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক একসাথে পেঁয়াজ তুলে বাজারে নেওয়ায় দাম কমেছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি অপরিপক্ব পেঁয়াজ জমি থেকে না তোলার। পরিপক্ষ হওয়ার পর ধীরে ধীরে পেঁয়াজ তোলা ও বাজার দেখে বিক্রি করা। আশা করছি দাম আবার বাড়বে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে পাবনা জেলায় ৮ হাজার ৫৮০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন।

Wednesday, January 1, 2025