Monday, January 5, 2026

পাবনায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে অর্ধদিবস হরতাল


তিস্তা নিউজ ডেস্ক ঃ পাবনার ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ‘নেসকো’র প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর ও সহকারী প্রকৌশলী হুসেইন তোহাকে প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। সচেতন নগরবাসী ফোরামের পক্ষ থেকে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচি চলাকালে ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড, চাঁদ আলী মোড়, ফতেমোহাম্মদপুর, বকুলের মোড়, পোস্ট অফিস মোড়, আলহাজ মোড়, বড়ইচারা, ভেলুপাড়াসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং বাঁশ বেঁধে সড়ক অবরোধ করা হয়। দুপুর ১২টার পর হরতাল শেষে জিরো পয়েন্টে পথসভা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক রাজিবুল আলম ইভান। 

রাজিবুল আলম ইভান বলেন, নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ, আন্দোলনকারীদের ২০১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নেসকোর ঈশ্বরদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর ও সহকারী প্রকৌশলী হুসেইন তোহাকে প্রত্যাহার, মিটার রিডার নজরুল ইসলামকে অপসারণসহ ছয় দফা দাবি পূরণ না হলে পরবর্তীকালে পূর্ণদিবস হরতাল ও অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

পথসভায় অন্যদের মধ্যে ফোরামের ভারপ্রাপ্ত সদস্য রাগিব আহসান রিজভী, সদস্য কায়েদে আজম, ইমরান আহমেদ, সুলতানা পারভীন, রুবেল আহমেদ, শামীম আহমেদ, দুলাল মণ্ডল, ডা.আব্দুল মোমিন প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন