তিস্তা নিউজ ডেস্ক ঃ বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করছে যৌথবাহিনী। বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে থাকা তার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভসহ প্রতিবাদ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে বিচারকের এজলাসে হট্টগোল ও চেয়ার টেবিল ওলট-পালট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে জেলে পাঠানো হয়।
ওই মামলায় বরিশালের দুই পিপি, ৩ এপিপিসহ বিএনপির ১২ জন জ্যেষ্ঠ আইনজীবীর নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে।
বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে এজলাসে হট্টগোলের ওই ঘটনা ঘটে। জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকে জামিন দেওয়ার প্রতিবাদে এজলাসে ঢুকে ওই হট্টগোল করে তারা।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির কামরুল ইসলাম বলেন, বিচার কাজে বাধা, এজলাসে ঢুকে হট্টগোল এবং হুমকি দেওয়ার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বরিশালের সহকারী পাবলিক প্রসিকিউটর ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু বলেন, গ্রেফতার ও মামলার প্রতিবাদে বরিশালে অনির্দিষ্টকালের জন্য আদালতের কার্যক্রমে অংশ নেবে না আইনজীবীরা।


