Sunday, April 5, 2026

কেশবপুরে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে মজুদের সময় ধরা

 তিস্তা নিউজ ডেস্ক ঃ যশোরের কেশবপুরে মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদকালে হৃদয় রায় (২৪) নামের এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপার মার্কেটের গলির ভেতরে তেল মজুদকালে তাকে হাতেনাতে ধরা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের বিশ্বজিৎ রায়ের ছেলে হৃদয় রায়। শনিবার রাতে শহরের ত্রিমোহিনী মোড় সংলগ্ন মেহের আলী সুপারমার্কেটের গলির ভেতরে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে জ্বালানি তেল নামিয়ে বোতলে মজুদ করছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন তাকে হাতেনাতে ধরে ফেলেন।

জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে তিনি ভ্রাম্যমাণ আদালতে হৃদয় রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া তার কাছ থেকে ৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, ‘জ্বালানি তেল মজুদের উদ্দেশ্যে বোতলে রাখার অপরাধে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার কাছ থেকে জব্দ ৪ লিটার তেল স্থানীয় ফিলিং স্টেশনে বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।’


শেয়ার করুন