Thursday, March 19, 2026

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল ৫০০ পরিবার


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান পেল নীলফামারী - ৩ (জলঢাকা) আসনের ৫০০ পরিবার। উপজেলার ৫০০টি অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন  নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

মাওলানা সালাফী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সারাদেশের ন্যায় নীলফামারী -৩ আসনেও এ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এমপির নিকট থেকে অনুদান পেয়ে উচ্ছসিত গোলনা ইউনিয়নের মজনুর রহমান বলেন - "কোনো এমপি এভাবে কখনও সরাসরি টাকা দিয়েছে কি-না আমি জানি না। টাকা পেয়ে আমি খুবই আনন্দিত।" তিনি এমপির জন্যে প্রাণভরে দোয়া করেন। কৈমারী ইউনিয়ন থেকে আগত শৈলেন চন্দ্র টাকা পেয়ে অভিভূত। তিনি বলেন, আগে কখনও এভাবে টাকা পাই নাই। একইরকম অনুভূতি ব্যাক্ত করেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগি নারী পুরুষগণ। ঈদের আগে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপকারভোগীরা।

তারা সন্তোষ প্রকাশ করে বলেন, ঈদের আগে এ সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান এবং খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিবুল ইসলামসহ প্রমুখ।


শেয়ার করুন