Wednesday, June 17, 2026

জলঢাকা এলএসডি গোডাউনে ছেঁড়া-ফাটা বস্তায় বোরো ধান সংরক্ষণের অভিযোগ।

 


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি :  নীলফামারীর জলঢাকা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গোডাউনে ২০২৬ সালের বোরো মৌসুমের ধান সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ছেঁড়া-ফাটা বস্তা তালি দিয়ে ধান সংরক্ষণ এবং নিম্নমানের ধান গ্রহণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, গোডাউনে সংরক্ষিত ধানের একটি অংশ ক্ষতিগ্রস্ত ও ছেঁড়া বস্তায় রাখা হয়েছে। অনেক বস্তা তালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। এছাড়া সরকারি মানদণ্ডের বাইরে নিম্নমানের ধান গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জলঢাকা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, "আপনারা কি আমার চেয়ারটাকে নড়ানোর জন্য এখানে আসছেন?" পরে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, "বস্তার সংকট থাকায় ছেঁড়া-ফাটা বস্তা মেরামত করে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক অনুমতি রয়েছে।" তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুসারেই ধান সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে নিম্নমানের ধান গ্রহণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ধানের মান যাচাই করেই গ্রহণ করা হয়। অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে।

স্থানীয় কৃষক ও সচেতন মহলের দাবি, সরকারি খাদ্যগুদামে ধান সংরক্ষণের ক্ষেত্রে মানসম্মত বস্তা ব্যবহার এবং ধানের গুণগত মান নিশ্চিত করা জরুরি। অন্যথায় সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি খাদ্যশস্যের মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


শেয়ার করুন