Thursday, July 30, 2026

জলঢাকায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

হাকিম বদিউজ্জামান (জলঢাকা) নীলফামারী : নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মিষ্টি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিষ্টি রানী রায় ঘুঘুমাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রচলিত তথ্যমতে মিষ্টি রানী রায়ের সঙ্গে পাশের গ্রামের আনোয়ার (৩৮) এর ছেলে মো. লিয়াজের প্রেমের সম্পর্ক ছিল। লিয়াজ একই বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সূত্রের দাবি, গত ২৮ জুলাই রাতে দুজনের দেখা হলে স্থানীয় কয়েকজন তাদের আটক করে মারধর করে। পরে ভিন্ন ধর্মের হওয়ায় মেয়ের পরিবার ওই ছেলের সঙ্গে বিয়েতে রাজি হয়নি বলেও এলাকাবাসীর দাবি।

এদিকে, এলাকায় কেউ কেউ দাবি করছেন, মিষ্টি রানী রায় গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

নিহতের বাবা নলী গোপাল (৩৯) বলেন, "আমার মেয়ে কীভাবে মারা গেছে, আমি জানি না।"

এ বিষয়ে মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু আহমেদ বলেন, "ঘটনাটি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ সার্বিক তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন