তিস্তা নিউজ ডেস্ক ঃ বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ ছিলেন। ১২০ মিনিটের লড়াইয়ে বারবার আর্জেন্টিনাকে হতাশ করেছেন। তবু ম্যাচ শেষ হওয়ার পর থেকে লিওনেল মেসির আচরণে ছিল সম্মান আর কৃতজ্ঞতা। এবার জানা গেল, সেই শ্রদ্ধা শুধু মাঠের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।
কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার পরিবারকে বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট উপহার দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শুধু টিকিটই নয়, কেপ ভার্দে থেকে এসে যেন তারা ফাইনাল উপভোগ করতে পারেন, সেই ভ্রমণের ব্যবস্থাও করে দিয়েছিলেন মেসি।
গোল ডট কম–এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টি ফাইনালের আগে গোপনই রেখেছিলেন মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ করেন এবং মেসিকে ধন্যবাদ জানান। খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা।
রাউন্ড অব ৩২–এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩–২ গোলের জয়ের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভোজিনহা। একের পর এক সেভ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাপে ফেলেছিলেন তিনি। ম্যাচ শেষে তার পারফরম্যান্সের প্রশংসাও করেছিলেন মেসি।
পরে সেই মুহূর্তের কথা নিজেই জানিয়েছিলেন ভোজিনহা। তিনি বলেন, 'খেলা শেষে মেসির কাছে গিয়েছিলাম। সে আমাকে জড়িয়ে ধরে বলল, ‘তুমি খুব ভালো খেলেছ। তোমার দেশ তোমাকে নিয়ে গর্ব করবে।’ মেসির মতো একজন ফুটবলারের কাছ থেকে এমন কথা শোনা আমার কাছে অনেক বড় ব্যাপার।'


