তিস্তা নিউজ ডেস্ক ঃ বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করে চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক হয়। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়া গেলে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়। তবে নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে ইসি। কমিশনের সঙ্গে আলোচনার পর নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
বৈঠকে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতে ডেনমার্ক ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ।
প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির তৃতীয় ধাপ বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এতে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।


