![]() |
| মীর শাহে আলম |
তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুন পর্যন্ত চলবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।
মীর শাহে আলম বলেন, রংপুরের সবচেয়ে বড় সমস্যা মাদক। মাদকের কারণে অপরাধ ও নিষ্ঠুরতা বাড়ছে। নগরীর মাছুয়া পাড়ায় মাদকসেবনে বাধা দেওয়ায় একজন শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। ওই ঘটনা রংপুরসহ সারা দেশকে নাড়া দিয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, মাদক নিয়ে রংপুরের সংসদ সদস্যরা সংসদে ৭১ বিধিতে নোটিশ দিয়ে বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়া মাদক কারবারিদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ আছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, অনেক ক্ষেত্রে জামিনযোগ্য ধারায় নামমাত্র মামলায় আসামিদের আদালতে চালান দেওয়া হয়।
চাঁদাবাজি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রংপুরে বিভিন্ন খাত ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠছে। প্রশাসনের স্থবিরতা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগের অভাবে মাঠে-ঘাটে, বাসে ও দোকানে টাকা আদায় করে মানুষকে হয়রানি করা হচ্ছে।
রংপুর নগরীর আইনশৃঙ্খলার অবনতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্ন তো আমারও। রংপুর মহানগরীতে একটি থানার জায়গায় ছয়টি থানা হওয়ার পরও আইনশৃঙ্খলার অবনতি কেন?’
ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নতির জন্য দিকনির্দেশনা দিয়ে যাব। পরের মাসের সভায় যদি ব্যর্থ হয়, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি সুপারিশ পাঠাব।’
উন্নয়ন প্রকল্প নিয়ে প্রতিমন্ত্রী জানান, গত ৬ মাসে রংপুর জেলার সড়ক সংস্কার ও উন্নয়নে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৬০০ কোটি টাকার একটি প্রকল্প এবং রংপুর বিভাগের জন্য ১ হাজার ৬৫০ কোটি টাকার আরেকটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। জনস্বাস্থ্য উন্নয়ন এবং বিভাগের সব পৌরসভার জন্যও নতুন প্রকল্প নেওয়া হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে সরকার কাজ করছে এবং দ্রুত বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামী জানুয়ারি থেকে নির্বাচন শুরু হয়ে জুনে শেষ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা আছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার। এ জন্য আইনশৃঙ্খলার আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


