হাকিম বদিউজ্জামান তিস্তা নিউজ : ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা লেবার ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচন পরিচালনার জন্য ৩০ দিন মেয়াদে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় জলঢাকা বাসস্ট্যান্ডে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জামিয়ার রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মাহিন্দ্র দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক আমিনুর রহমান ও সদস্যসচিব ইউনুস আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সভাপতি অপিয়ার রহমান, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের জলঢাকা উপকমিটির সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সাবেক সম্পাদক মাজেদুল ইসলাম (বুলবুল)।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩০ দিনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক সেলিমুর রহমান সেলিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম মাস্টার এবং সদস্য হিসেবে রয়েছেন রেলিমুর রহমান বাবুল।
সভায় স্থানীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যদের উদ্যোগে এ ত্রিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।


