তিস্তা নিউজ ডেস্ক ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (৬০) নামের এক জামায়ত কর্মী নিহত হয়েছে। তিনি হাসাদহ ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের বড় ভাই। এছাড়া সংঘর্ষে আহত মফিজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান দলীয় সূত্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মধ্যরাতে মফিজুর রহমানের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় রোববার (১ মার্চ) সকাল সাড়ে দশটায় জামাতের পক্ষ থেকে জীবননগর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ৬ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


