মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : রংপুর ডালিয়া মহাসড়কে জলঢাকা ও ডিমলা উপজেলার সংযোগস্থল সোনাখুলী স্লুইস গেইট পয়েন্টে গতরাত ২'৩০ টার দিকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় কমপক্ষে ৩০ টিরও বেশী কার, মাইক্রোবাস ও মোটর সাইকেল আটকিয়ে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও অন্যান্য দামি জিনিসপত্র ছিনিয়ে নেয়। দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতদলের নির্বিচার মারধোরে গাড়ীর ড্রাইভার সহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। ডাকাতি সংঘটিত হওয়ার পরে সেখান থেকে ফিরে আসা যাত্রীদের কাছে সংবাদ পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন আহত ব্যাক্তিকে উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল সেখান থেকে সটকে পড়ে।
রংপুর ডালিয়া মহাসড়কের এই স্লুইস গেইট অংশটিতে প্রায়ই ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং গভীর রাতে চলাচলকারি যাত্রী সাধারনের সর্বস্ব কেড়ে নেয় দুর্ধর্ষ ছিনতাইকারি চক্র। মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও আবার তাদের তৎপরতা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।।এখানে একটি পুলিশ বক্স থাকলেও সেখানে পুলিশ থাকে না বলে জানিয়েছে স্থানীয় জনগণ। ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে চাপানী হাটে পুলিশ টহল দেয়। ঘটনার সময় পুলিশকে সংবাদ দেয়া হলে সেখান থেকে আসতে আসতে দুষ্কৃতিকারীরা ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়।


