মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করা কুখ্যাত চোর নুরনবী ইসলামকে (৪০) এবার মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম উপজেলার সবুজপাড়া নদীরপাড় এলাকার বাসিন্দা। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরনবী ইসলাম দীর্ঘদিন ধরে চুরি করে আসছিলেন। তার নেতৃত্বে একটি চুরির চক্র গড়ে উঠে। থানায় নতুন ওসি যোগদান করার পরে অপরাধীদের আত্মসমর্পণের ঘোষণা দেয়। পরে সেখানে নুরনবী এসে আর কখনও চুরি করবেন না জানিয়ে ওসিকে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেন। আজ দুপুরের দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হিরোইন এবং ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত যুবক থানায় এসে মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছিল, তাকে আমি কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চুরি করবেন না মর্মে মুচলেকা দিয়েছিল, তবে মাদকবিক্রি করবে না মুচলেকা দেয়নি। গ্রেপ্তারকৃত নুরনবীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


