মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ। আজ ২৮ মার্চ, (শনিবার) সকাল ১১.০০ টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ীর পাশে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে জানা যায় মৃত কিশোরের নাম মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬)। সে জলঢাকার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুর রহমান তার বাবার ভ্যান (অটোরিকশা) নিয়ে গতকাল ২৭ মার্চ (শুক্রবার) বিকালে জলঢাকার উদ্দেশ্য বের হয়ে যায়। সারারাত বাড়িতে ফিরে নাই,আজ সকালে থানায় একটি লাশ উদ্ধার করেছে শুনে সেখানে গিয়ে তার লাশ সনাক্ত করে পরিবারের লোকজন।
কিশোর মহাবীর হত্যাকান্ডের কারন জানা যায় নাই। ঘটনার কারন উদঘাটনে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম। ঘটনার বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।


