মাহমুদ আল হাছান তিস্তা নিউজ : নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির শীর্ষ পদে থাকা তিন নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলা শহরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
দল পরিবর্তন করা নেতারা হলেন—এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক খয়রাত হোসেন শাহ, যুগ্ম সদস্য সচিব মো. শাহ আলম চৌধুরী এবং আরেক যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের এ যোগদান জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফ বলেন, সকালে এনসিপির তিন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দল তাদের স্বাগত জানিয়েছে।
যোগদানকারী নেতাদের একজন, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, এনসিপির জেলা নেতৃত্বের মধ্যে অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এসব কারণে তিনি দলত্যাগ করে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান।
তবে এ বিষয়ে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন।


