হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী : “এসো হে বৈশাখ, এসো এসো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ এপ্রিল (মঙ্গলবার) (পহেলা বৈশাখ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, জলঢাকার আয়োজনে শোভাযাত্রাটি জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন। ছেলেরা লুঙ্গি-পাঞ্জাবি ও মাথায় গামছা এবং মেয়েরা পহেলা বৈশাখের রঙিন শাড়ি পরে অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক প্রতিষ্ঠান গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পালকি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়, যা উৎসবকে আরও বর্ণিল করে তোলে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই শোভাযাত্রা জলঢাকাবাসীর মধ্যে নববর্ষের আনন্দ ও বাঙালির ঐতিহ্যকে নতুন করে জাগ্রত করেছে।


