Tuesday, April 14, 2026

পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক, টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য

রিসেপ তাইয়্যেব এরদোগান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন-এমন একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর তা নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ। 

সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, রোববার (১২ এপ্রিল) প্রকাশিত ওই সংবাদটি মূলত এরদোয়ানের দুই বছর পুরোনো একটি বক্তব্যকে ভুল প্রেক্ষাপটে উপস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। 


টেলিগ্রাফ তাদের সংবাদে দাবি করেছিল, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এরদোয়ান ইসরায়েলকে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে অভিযুক্ত করেছেন এবং সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তবে প্রকৃতপক্ষে ওই উদ্ধৃতিগুলো ছিল ২০২৪ সালের জুলাই মাসে তুরস্কের রিজে শহরে একে পার্টির এক স্থানীয় সভায় দেওয়া এরদোয়ানের পুরনো বক্তব্যের অংশ।


ডেইলি টেলিগ্রাফের সেই প্রতিবেদনে এরদোয়ানের বরাতে বলা হয়েছিল, ‘আমরা যেভাবে লিবিয়া এবং কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও তেমনটা করার পথে কোনো বাধা নেই।’ এই খবরটি প্রকাশের পরপরই ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট ও মারিভসহ বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সোমবার তুরস্কের সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করা হয়। 

তুর্কি সরকারের যোগাযোগ অধিদপ্তর থেকে জানানো হয়, এই ধরনের মিথ্যা বর্ণনা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। তুরস্ক সবসময়ই রক্তপাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে কাজ করে আসছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


ভুল ধরা পড়ার পর সোমবার সকালে টেলিগ্রাফ তাদের অনলাইন সংস্করণ থেকে সংবাদটি মুছে ফেলে। পত্রিকাটির একজন ঊর্ধ্বতন সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্বীকার করেন, সংবাদে ব্যবহৃত উদ্ধৃতিগুলো হয় অনেক পুরোনো অথবা পুরোপুরি বানোয়াট ছিল, তাই প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়েছে।


শেয়ার করুন