মাহমুদ আলহাছান, তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকার গোলমুন্ডায় গরুচোরের তৎপরতা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসের ব্যবধানে প্রায় ১৫টি গরু চুরি হয়ে গেছে এই এলাকা থেকে। এর মধ্যে দুইজন কৃষকের গরুই ১২টি।
গতকাল ১৭ মে (রবিবার) পশ্চিম গোলমুন্ডা সরকার পাড়ার পল্লী প্রাণী চিকিৎসক মো. আনারুল ইসলাম ও তার ভাইয়ের মোট ০৮টি গরু চুরি হয়ে গেছে। এগুলোর মধ্যে চারটি গাভী। বর্তমান বাজার মুল্য অনুযায়ী গরুগুলোর দাম প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানান আনারুল ইসলাম। তিনি বলেন, গতরাতে দমকা ঝড়ো হাওয়া ছিলো এবং থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হচ্ছিলো। শেষরাতের দিকে আমরা ঘুমিয়ে থাকাবস্থায় আমাদের গোয়াল ঘরে থাকা ০৮ টি গরুই চোরেরা চুরি করে নিয়ে যায়। বানিজ্যিক ভিত্তিতে প্রতিপালন করা এতগুলো গরু চুরি হয়ে যাওয়ায় তারা একদম নিঃস্ব হয়ে গেছেন বলে জানান তিনি।
চলতি মাসের শুরুর দিকে একই ওয়ার্ডের বনগ্রামের মাওলানা আইনুল হকেরও ০৪টি গরু চুরি হয়ে যায় যার কোনো হদিস পাওয়া যায় নাই। এত ঘনঘন দুর্ধর্ষ গরু চুরির ঘটনায় এলাকার গরু চাষীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। কোরবানী ঈদকে সামনে রেখে এই তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
এব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, আমরা গরুর মালিককে ডেকে এনে একটা অভিযোগ নিয়েছি। সংঘবদ্ধ গরুচোর চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে এবং চোরদের মুল হোতাসহ পুরো চক্রকে অচিরে পাকড়াও করতে পারবেন বলে তিনি আশাবাদী।


