Thursday, May 7, 2026

জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

তিস্তা নিউজ ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদ মোল্লা (৪০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মুজাহিদ মোল্লা হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বেও ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের দোকানে বসেছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় একই গ্রামের বাইজিদ ইজারাদার তার দোকান থেকে একটি জুস কিনে নেন। পরে জুসের মান নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দোকানি মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে সেটি খারাপ নয় বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাইজিদ ইজারাদার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মুজাহিদের গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়ন জামায়াতের আমির শেখ সোহেল বলেন, মুজাহিদ মোল্লা অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ ছিলেন। সামান্য বিষয় নিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই ন্যক্কারজনক। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ইউনিয়ন যুবদলের নেতা জয়নুল পারভেজ সুমন বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের এমন বিচার হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত বাইজিদ ইজারাদারকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শেয়ার করুন