Tuesday, May 5, 2026

আমরা হারিনি, পদত্যাগ কেন করব— প্রশ্ন মমতার

তিস্তা নিউজ ডেস্ক ঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা হারিনি। আমি পদত্যাগ করবো না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

তার দাবি, জোর করে ভোট লুটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) হারানো হয়েছে। তার মতে, নির্বাচন কমিশন ১০০ আসন লুট করেছে।

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করেছে। যাতে সরাসরি যুক্ত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এ সময় গণনাকেন্দ্রে তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ তোলেন তিনি। রাজপথে লড়াই চালিয়ে যাবেন বলেও জানান এই তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৩টি (একটি আসনে নতুন করে ভোটগ্রহণ হবে) আসনের মধ্যে ২০৭টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে ৮০টি আসন।


শেয়ার করুন