তিস্তা নিউজ ডেস্ক ঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলসমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে আজ রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার (০৯ মে) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রোববার বিকাল ৩টায় প্রথম ধাপে এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।’
এ বিষয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে অংশ নেবেন।
দলটি জানিয়েছে, রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে রোববার বেলা ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।


