হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী :একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচারী ও রিকশা-ভ্যান চালকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা।
শনিবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আতিকুজ্জামান আতিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জলঢাকা উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি মিঠু ইসলামসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। পরে পথচারী, রিকশা ও ভ্যানচালকদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।


