মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ "ক্লিন ও গ্রিন বাংলাদেশ" বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় পরিস্কার -পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।আজ সোমবার (৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রোগ্রাম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা ও বিভিন্ন বর্জ্য পরিষ্কার করা হয়। অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণকে পরিবেশবান্ধব আচরণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।


