Wednesday, August 12, 2026

জলঢাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে মানববন্ধন

হাকিম বদিউজ্জামান বুলেট ঃ অসহনীয় বিদ্যুৎ বিল বাতিল এবং বিদ্যুৎ বিলের নামে সাধারণ মানুষের পকেট কাটা বন্ধসহ অতিরিক্ত বিল কমানোর দাবিতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। অনেক গ্রাহক প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় বেশি বিল পাওয়ার অভিযোগ করছেন। তারা বিদ্যুৎ বিল প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত, অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত এবং সাধারণ গ্রাহকদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ বন্ধের দাবি জানান।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. নুরুন্নবী ইসলাম নূর-এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব ইসলাম, গণঅধিকার পরিষদ জলঢাকা পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান, গণঅধিকার পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান এবং সাবেক হোটেল শ্রমিক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।

এ সময় জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ মানুষের মৌলিক নাগরিক প্রয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অতিরিক্ত বিলের কারণ খতিয়ে দেখে হয়রানি বন্ধ এবং ন্যায্য বিল নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিলের সমস্যা দ্রুত সমাধান এবং অতিরিক্ত বিল কমানোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।


শেয়ার করুন