তিস্তা নিউজ ডেস্ক ঃ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের আর রাখতে চায় না ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কারণ সেসময় ডিলার নিয়োগ-সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না। তাছাড়া তারা সঠিকভাবে দায়িত্বও পালন করেননি। এদিকে নতুন ডিলার নিয়োগ দিতে নীতিমালা তৈরি করছে টিসিবি। এই নীতিমালা অনুযায়ী আগামীতে ডিলার নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তখন কমিটির সদস্যরা এ বিষয় নিয়ে কথা বলেন।
সূত্র আরও জানায়, বৈঠকে টিসিবিতে সরকারের ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও টিসিবি পণ্য দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করতে চায় টিসিবি। এ বিষয়টিও টিসিবি চেয়ারম্যান সভায় অবহিত করেন।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয় কত হয়েছে। আর কমিশনের মাধ্যমে কত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশন কি ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চাওয়া হয়।


