Tuesday, October 27, 2026

'নজরুল বর্ষপুর্তি' সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে জলঢাকা আল-আকসা মডেল মাদরাসার ৪ শিক্ষার্থীর সাফল্য

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : নজরুল বর্ষপুর্তি উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগ থেকে (মাদরাসা বিভাগে)৫টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আল-আকসা মডেল মাদরাসার ৪ ক্ষুদে শিক্ষার্থী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনের টিকেট নিশ্চিত করেছে। ক্ষুদে শিক্ষার্থীদের এই ঈর্ষনীয় সাফল্যে মাদরাসা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

জাতীয় পর্যায়ে ক-বিভাগ থেকে কনফার্মেশান টিকেট প্রাপ্ত চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী মুজাদ্দিদ আলহাছান কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় (দুই ইভেন্টে), চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী নুরে জান্নাত ইসলামী সঙ্গীতে, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল মমিন রচনা প্রতিযোগিতায় এবং খ-বিভাগ থেকে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার মিম উপস্থিত বক্তৃতায় রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। তারা চারজনেই জলঢাকা আল-আকসা মডেল মাদরাসার নিয়মিত শিক্ষার্থী।

গতকাল সোমবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে রংপুর বিভাগীয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১'০০ টা থেকে বিকাল ৪'০০ টা পর্যন্ত বিভাগের সবক'টি জেলা থেকে প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে প্রথম হওয়া প্রতিযোগিদের তুমুল প্রতিদ্বন্দিতা মূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টের বিচারকগণের পূঙ্খানুপুঙ্খ বিশ্লেষন শেষে রংপুর বিভাগ থেকে ক,খ,গ, বিভাগের প্রথম হওয়া প্রতিযোগিদের নাম ঘোষনা করে তাদের জাতীয় পর্যায়ে অংশগ্রহনের কনফার্মেশন টোকেন ও পুরস্কার প্রদান করা হয়। রংপুরের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। এ সময় বিশেষ অতিথী রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান, বিএনপি নেতা সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল মাবুদ, রংপুর মোট্রোপলিটান পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

জলঢাকা আল-আকসা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল তার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের এই অনবদ্য সফলতায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকগণ কে আজ মাদরাসা ক্যাম্পাসে সংবর্ধনা প্রদান করা হবে। এই শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও পুরস্কার অর্জন করে এই প্রতিষ্ঠান সহ এলাকার জন্যে সম্মান বয়ে নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শেয়ার করুন