মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত এলাকায় বুড়িতিস্তা নদীর চর কেটে বালু ও মাটি বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে দিন-রাত সমানতালে নদীর চর কেটে ২০ থেকে ৩০টি ট্রলির মাধ্যমে এসব বালু-মাটি বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে নদীর স্বাভাবিক পরিবেশ, চরাঞ্চলের কৃষিজমি এবং কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কৃষিজমি ফসল চাষের উপযোগী করার কথা বলে মাটি কাটার সুযোগ নেওয়া হলেও বাস্তবে সেই মাটি বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। কৃষিজমি উন্নয়নের আড়ালে নদীর চর থেকে নির্বিচারে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তাঁদের আশঙ্কা, এভাবে চর কাটা অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক গতিপথ ও তীরবর্তী এলাকার ভূমির স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি ভারী ট্রলির অবাধ চলাচলে নদীরক্ষা বাঁধের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৪ ধারায় নির্ধারিত বাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের চিহ্নিত বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোসংলগ্ন এলাকা থেকে বালু-মাটি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটা অপরাধ।
আইন অনুযায়ী, কৃষিজমি উন্নয়নের অনুমতি থাকলেও সেই অনুমতির আড়ালে নদীর চর থেকে বাণিজ্যিকভাবে বালু-মাটি উত্তোলন ও বিক্রির বৈধতা তৈরি হয় না। ফলে নেকবক্ত এলাকায় মাটি কাটার অনুমতির প্রকৃত পরিধি কী, নদীর চর থেকে মাটি উত্তোলনের অনুমোদন রয়েছে কি না এবং সংশ্লিষ্ট কার্যক্রম আইনসম্মত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, মাটি কেটে নেওয়ার অনুমতি রয়েছে, তাই তাঁরা কেটে নিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, কৃষি কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাটি কেটে জমি ফসল ফলানোর উপযোগী করা হচ্ছে। তবে স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি দেখতেছি।”
এদিকে বুড়িতিস্তা নদীর চর কাটা এবং নদীরক্ষা বাঁধের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজা আহম্মেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, কৃষিজমি উন্নয়নের নামে নদীর চর থেকে বাণিজ্যিকভাবে বালু-মাটি উত্তোলনের অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। মাটি কাটার অনুমতিপত্রের শর্ত, উত্তোলনের নির্ধারিত স্থান ও পরিমাণ এবং সংশ্লিষ্ট আইন অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
একই সঙ্গে নদীরক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে ভারী ট্রলির চলাচল ও চর কাটার প্রভাব পরীক্ষা করার দাবি জানিয়েছেন তাঁরা। জনস্বার্থে নদীর প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি ও সরকারি অবকাঠামো রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।


