Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Sunday, August 9, 2026

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া ‘প্রায় নিশ্চিত’

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া ‘প্রায় নিশ্চিত’

মির্জা ফখরুল

তিস্তা নিউজ ডেস্ক ঃ বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত বলে জানা গেছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন ‘চূড়ান্ত’ করেছেন বলে ডেইলি ওয়াদা-কে জানিয়েছেন সিদ্ধান্ত সম্পর্কে অবগত এক সিনিয়র বিএনপি নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র নেতা ও ক্যাবিনেট সদস্য বলেন, ‘দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিত করা হয়েছে।’ দীর্ঘদিনের এই বিএনপি মহাসচিবকেই যে দল রাষ্ট্রপতি পদে দেখতে চায়, তিনি তা নিশ্চিত করেন।

এ বিষয়ে ডেইলি ওয়াদা বিএনপির আরো বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছে। তাদের প্রায় সবাই জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এবং এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ট এক নেতা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলের পক্ষ থেকে রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।


আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


এর আগে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তারেক রহমানকে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদ সদস্যদের সমর্থনে দলীয় মনোনীত প্রার্থীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত, যদি না সংসদীয় সমীকরণে কোনো নাটকীয় পরিবর্তন আসে।


আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।


গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

সূত্রঃ দৈনিক আমার দেশ।

Saturday, August 8, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তির তথ্যানুসারে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের ওই বৈঠকে চূড়ান্ত করা হবে।


এ ছাড়া দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Friday, August 7, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল

তিস্তা নিউজ ডেস্ক ঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাদের প্রার্থী নির্বাচিত হওয়ার বাস্তবসম্মত সুযোগ নেই। এ কারণে দলটি রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যাকে প্রার্থী করবে, তিনিই নির্বাচিত হবেন। তাই জামায়াত এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না।’

রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার বিষয়ে বিবিসির সঙ্গে আলাপকালে এই যুক্তিই তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তবে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে সরকারি দল বিএনপি সংসদের বিরোধী দলগুলোর সঙ্গে কোনো ধরনের মতবিনিময় বা পরামর্শ করেনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

একাধিক বৈধ প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নির্বাচন কমিশন জানিয়েছে, যদি যাচাই-বাছাই শেষে একজন মাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে ওই প্রার্থীকেই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে সংবিধান ও আইনের বিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।


বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোটাভুটি হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

Thursday, August 6, 2026

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে চায় এনসিপি: নাহিদ ইসলাম

 

নাহিদ ইসলাম 

তিস্তা নিউজ ডেস্ক ঃ আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, এই সময়ের মধ্যে এনসিপিকে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিভক্তির বদলে ঐক্যের আহ্বান জানিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পর আত্মপ্রকাশ করা দলটি গঠন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়লেও, এক বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছেন ৬ এনসিপি নেতা।

এক সাক্ষাৎকারে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা ছিল অনিবার্য। তার ভাষায়, ‘নতুন দল হওয়ার ফলেই পুরোনো রাজনৈতিক দলগুলো চাপে পড়েছে।ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘১০ বছর আমরা একটা টার্গেট ধরেছি। এই ১০ বছরে শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়া নয়, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করা।

জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের প্রশ্নে বিভিন্ন দলের সঙ্গে ঐক্য থাকতে পারে, তবে কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপি নেবে না। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী দায় কেন এনসিপি নেবে? আদর্শিকভাবে জামায়াত ও এনসিপি আলাদা। রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে জোট তৈরি হয়েছিল। যখন মনে হবে সেই বাস্তবতা আর নেই, তখন এই জোটও থাকবে না।

বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়েও দলের অবস্থান ব্যাখ্যা করেন এনসিপি আহবায়ক। তিনি বলেন, এনসিপি কোনো চুক্তির ঢালাও বিরোধিতা করে না। বরং আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক স্বার্থ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেন, ‘কিছু ভূরাজনৈতিক বাস্তবতা আছে। আমাদের তৈরি পোশাক শিল্পের বিষয়ও রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলতে হবে। আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রেখে সার্বভৌমত্ব অটুট রাখতে হবে এবং যেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ সবচেয়ে বেশি, সেটিই নিশ্চিত করতে হবে।

Wednesday, August 5, 2026

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় তার পৈতৃক নিবাসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, নিক্ষেপ করা বস্তুটি পেট্রোলবোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতামত ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উল্লেখ্য, আজ দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনলাইনে অংশ নেন সাকিব আল হাসান।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটলেও, সাকিব আল হাসানের বাড়িতে এ ধরনের অভিযোগ এই প্রথম সামনে এলো।

Monday, August 3, 2026

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের ঠিক দুই বছর পূর্তির দিন আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা। 

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে আরও থাকছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার। রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা সাকিব বিভিন্ন সময়ে আলোচনায় এলেও রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে খুব কমই বক্তব্য দিয়েছেন। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে তার অংশগ্রহণ নতুন করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি করেছে। এদিকে, সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে কেবল অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়েল আউয়াদ। 

. ওয়ায়েল আউয়াদ জানান, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।  তিনি উল্লেখ করেন যে গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে একাধিকবার এফসিসিতে বক্তব্য দিতে এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। ভারতের সংসদীয় কমিটির রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়ে পর্যালোচনার বিষয়ে ক্লাবটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখছে এবং ভারত সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি বা বাধা দেওয়া হয়নি বলে তিনি জানান।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সেশন আয়োজিত হবে এবং এতে বিশ্বজুড়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ থাকবে।  উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অধীনে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে আইনি বিচার চলছে এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রাখা হয়েছে।

Wednesday, July 29, 2026

শাপলা চত্বর ‘গণহত্যা’ মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বর ‘গণহত্যা’ মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

লতিফ সিদ্দিকী 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো অভিযানের ঘটনায় গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থীসহ ইসির কাছে জামায়াতের ৩ দাবি

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থীসহ ইসির কাছে জামায়াতের ৩ দাবি

তিস্তা নিউজ ডেস্ক ঃ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৩ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ নিশ্চিত করা, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগ বাতিল এবং নির্বাচনব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে দলটি।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
চিঠিতে বলা হয়, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। সে কারণে নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জনআস্থার প্রতিফলন থাকা জরুরি।
জামায়াতের দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ তাদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনকে আইন ও বিধিমালা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে।

একই চিঠিতে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানানো হয়েছে। দলটির ভাষ্য, তার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ওই নিয়োগ বাতিল করা প্রয়োজন।

এছাড়া নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত স্থানীয় সরকার নির্বাচন আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনারও আহ্বান জানিয়েছে দলটি। জামায়াতে ইসলামী আশা প্রকাশ করে বলেছে, নির্বাচন কমিশন উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে নির্বাচনব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।

সূত্রঃ দৈনিক মানবজমিন।

Saturday, July 25, 2026

জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন, সরে গেল খেলাফত মজলিস

জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন, সরে গেল খেলাফত মজলিস

তিস্তা নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন শেষ হওয়ায় ১১ দলীয় ঐক্যের কার্যকারিতা শেষ হয়েছে। ফলে এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।

এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা এখন আর কার্যকর নেই। গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে মতের মিল থাকলেও সেগুলো নিয়ে দলটি ভবিষ্যতে স্বতন্ত্রভাবে কাজ করবে।


এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো কর্মসূচির ব্যানার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।


সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি ইসলামি দলের বৈঠকের পর ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় খেলাফত আন্দোলনের পর এবার খেলাফত মজলিসও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়াল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জোটে রয়েছে।

Monday, July 20, 2026

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন


তিস্তা নিউজ ডেস্ক ঃ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯ জুলাই) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবার (২০ জুলাই) তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান রাশেদ খাঁন নিজেই। পোস্টে তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী ( রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।

তিনি ওই পোস্টে আরও লেখেন, আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Wednesday, July 1, 2026

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়

তিস্তা নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘নির্বাচনের সময় দেশবাসীর সামনে বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা চেষ্টা করবো। কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ নাই। তা আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি।’

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘আমরা নির্বাচনের সময় দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম, আমাদের কেউ নির্বাচিত হলে এমপি হোক মন্ত্রী হোক যাই হোক আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনবো না। সরকারি কোনো প্লটের সুবিধা নেবো না। কিছু বন্ধু ওই গুড়ের সঙ্গে কিছু লবণ না ছিটাইলে আরাম পায় না।’

তিনি বলেন, ‘আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি। এখানে লাগায়ে দিছে ফ্ল্যাট নিবো না, এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড। এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটা কি সরকার আমাকে দিয়ে দিচ্ছে নাকি? ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবেন। সরকারি দল, বিরোধীদল সবাই ব্যবহার করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ এক সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নাই। ছেড়ে দিতে হবে। এটাকে নিয়ে আবার বিভিন্ন ধরনের জল ঘোলা করা হয়।’

Friday, June 26, 2026

রাজধানীতে ছাত্রশিবিরের ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ অনুষ্ঠিত

রাজধানীতে ছাত্রশিবিরের ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ অনুষ্ঠিত

তিস্তা নিউজ ডেস্ক ঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ‘সেভ দ্য ইয়ূথ, সেভ দ্য নেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সপ্তাহব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইন ‘ইয়ূথ এগেনেইস্ট ড্রাগ’-এর অংশ হিসেবে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই রানিং ইভেন্ট শুরু হয়। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


৫ কিলোমিটার দীর্ঘ এই রানিং রুটটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, ভিসি চত্বর এবং ফুলার রোড প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রশিবিরের জনশক্তির পাশাপাশি বিপুলসংখ্যক তরুণ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তর গঠন করেছে, পুনর্বাসন কেন্দ্রও তৈরি করেছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে মাদকের ভয়াবহতা কমার বদলে দিন দিন বাড়ছে। দেশে বর্তমানে ৮৩ লক্ষ মাদকসেবী রয়েছে এবং মোট ফৌজদারি অপরাধের ৩৮ শতাংশই সংঘটিত হয় মাদককে কেন্দ্র করে। প্রতিবছর মাদকের কারণে ৪৪১ মিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এবং প্রায় ৫ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে।


তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ আহত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। লক্ষ লক্ষ যুবক তার যৌবন হারাচ্ছে। শুধু মাদক গ্রহণ করার কারণে পারিবারিক কলহ, পারিবারিক বিবাহ বিচ্ছেদ ঘটছে। মাদক গ্রহণ করাকে কেন্দ্র করে হিতাহিত জ্ঞান হারিয়ে পরিবারের সদস্যদেরকে হত্যা করছে। মাদক গ্রহণের টাকা না দিতে পারার কারণে পিতা তার সন্তানকে হত্যা করছে, সন্তান তার পিতার গায়ে হাত তুলছে, মায়ের গায়ে হাত তুলছে।


সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, মাদকের মতো ভয়াবহ ব্যাধি ‍দূর করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও উদ্যোগ সবার আগে প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাদকের এই সিন্ডিকেটের সাথে বর্তমান সরকারের মানুষজনই জড়িত হয়ে পড়েছে, তাদের ছত্রছায়ায় এই মাদকের বিস্তার ঘটছে।" তিনি জোর দিয়ে বলেন, "ইসলামী ছাত্রশিবিরের কাছে যুবসমাজকে শতভাগ মাদক থেকে দূরে রাখার 'এক্সপেরিমেন্টাল ট্রুথ ফর্মুলা' রয়েছে, যা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োগ করলে তরুণ সমাজকে শতভাগ মাদক থেকে বিরত রাখা সম্ভব। আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান জানাই—আপনারা দলীয় প্রমোশনের সস্তা হাতিয়ার হিসেবে মাদককে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন,সমাজের বর্তমান অধিকাংশ সমস্যার মূল উৎপত্তি এই মাদক। রাষ্ট্র একদিকে মাদকের বিরুদ্ধে প্রচার চালায়, অন্যদিকে তা নির্মূলে কার্যকর কোনো ব্যবস্থা নিতে চরমভাবে ব্যর্থ। আমাদের কারাগারগুলো আজ মাদকের আখড়ায় পরিণত হয়েছে। রাষ্ট্রকে অবশ্যই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। রাষ্ট্র ব্যর্থ হলে আগামী দিনে ইসলামী ছাত্রশিবিরকে ‘ফাইট এগেইনস্ট ড্রাগ’ বা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।


সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ইসলামের দৃষ্টিতে মাদক ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা রয়েছে। তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক সকল জনশক্তি মাদকমুক্ত এবং যুবসমাজকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করতে ‘Run Against Drugs’-এর মতো সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি, মাদক সিন্ডিকেট ভেঙে দিতে দেশপ্রেমিক জনগণ, শিক্ষার্থী ও যুবসমাজকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাজেটে তামাকজাত পণ্যের কর কাঠামোর সমালোচনা করে বলেন, মাদক নির্মূলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, পর্যাপ্ত বাজেট, জনবল এবং দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।


ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ দেশের ক্রমবর্ধমান মাদক সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক পাচারের পথ বন্ধ, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্রশিবিরের মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও যুবসমাজের শারীরিক সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


আয়োজনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Wednesday, June 24, 2026

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার


তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার ‘সাংবাদিকদের ওপর হামলার’ ঘটনায় জড়িত থাকা জামায়াতের ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে একদিনের মাথায় এ বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বুধবার ঢাকা মহানগরী জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। 

মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে আজ বুধবার (২৪ জুন) ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন যথাক্রমে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়- গতকাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও প্রদান করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


Wednesday, June 10, 2026

পল্টনের মামলায় জামিন পেলেন দীপু মনি

পল্টনের মামলায় জামিন পেলেন দীপু মনি

ডাঃ দীপু মনি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি অন্তর্বর্তী জামিন পেয়েছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলায় নিয়মিত জামিন দেওয়া হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রমজান আলী শিকদার। তিনি আদালতকে জানান, হত্যা, হত্যাচেষ্টা ও মানবতাবিরোধী অপরাধ–সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন ঘটনায় দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ বিচারাধীন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এসব মামলার কয়েকটিতে ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিনসংক্রান্ত রুল জারি হয়েছে এবং কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী জামিনও মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে টানা তিন মেয়াদে দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Sunday, May 10, 2026

১০ মামলায় আইভীর জামিন বহাল, পেতে পারেন মুক্তি

১০ মামলায় আইভীর জামিন বহাল, পেতে পারেন মুক্তি

আইভি রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন আইনজীবীরা। হত‍্যাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছিল।

রোববার (১০ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আইভী রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।


গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেয়। আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।


এরই মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।


২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি জয়ী হন।