Sunday, February 22, 2026

মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমগাছ, বসন্তের আমেজে মৌ মৌ চারপাশ



মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ ঃ  ঋতুরাজ বসন্ত চলছে। প্রকৃতিতে বসন্তের দাপুটে অবস্থান স্পষ্ট বোঝা যাচ্ছে। গাছে গাছে নতুন পাতার সমাহার। সবুজে ছেয়ে যাচ্ছে শীতে মরে যাওয়া গাছগুলোর ডালপালা। শীতের আমেজ কমে এসেছে উত্তরেও। দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে ধীরে ধীরে। সামনে মধুমাসের হাতছানি। 
এবারে আমের ব্যাপক ফলন হবে বলে ধারনা করা হচ্ছে। আমগাছগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে ইতিমধ্যে। আমের মুকুল থেকে মধু সংগ্রহ করতে ব্যাস্ত মৌমাছির অবাধ গুঞ্জরণ শোনা যাচ্ছে দিনরাত। আমগাছের নীচে দিয়ে হেঁটে গেলেই মধুমক্ষিকা দের এই গুঞ্জন কানে পড়বেই। বাংলাদেশের রাজশাহী, চাঁপাই, নাটোর অঞ্চল আমের জন্যে বিখ্যাত হলেও রংপুর দিনাজপুর অঞ্চলেও আমের পর্যাপ্ত ফলন আছে। রংপুরের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে যে আম উৎপন্ন হয় তা স্থানীয় চাহিদা পুরনে ব্যাপক ভুমিকা রাখে। এবারে আমের মুকুল দেখে মনে হচ্ছে এবারের উৎপাদিত আম স্থানীয় চাহিদা পুরন করে বাইরেও রপ্তানি করা সম্ভব হবে। 
যদিও গ্রামে কথা চালু আছে যে, আমের ফলন বেশী হলে বন্যার আশঙ্কা বেশী থাকে। গ্রামের মুরুব্বীরা মনে করেন, যে বছর আমের মুকুল বেশী হয়, সে বছর বন্যা, ঝড়, ঝঞ্ঝা বেশী হয়ে থাকে। যদিও এসব কথার বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে বলে শোনা যায় নাই।



শেয়ার করুন