Sunday, February 22, 2026

নীলফামারীতে ক্যাবের আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান



মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রমে বাধা প্রদান এবং বাজার বন্ধের হুমকির প্রতিবাদে নীলফামারীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরঙ্গীমোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে, যা আইনের শাসনের পরিপন্থী। অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড সাধারণ ভোক্তাদের স্বার্থের বিরুদ্ধে যায় এবং বাজারে নৈরাজ্য সৃষ্টি করে।

বক্তারা আরও বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়ছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

ক্যাব নীলফামারী জেলা শাখার সভাপতি আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, জলঢাকা উপজেলা ক্যাবের সভাপতি এমদাদুল হক, ডিমলা উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কে এম ফারুক হোসেন এবং জেলা ক্যাবের সদস্য আজহারুল ইসলাম রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বাজার তদারকিমূলক অভিযানে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা; বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া; নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা; ব্যবসায়ীদের আইন মানতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ এবং ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

বক্তারা বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি দায়িত্ব পালনে যারা বাধা দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন