Wednesday, February 18, 2026

বিএনপির কোনো এমপি প্লট নেবেন না, এটি মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী                 তারেক রহমান 

তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট-সুবিধাও নেবেন না।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান জানান, জনগণের প্রতি কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর আগে সরকার ও দলের পক্ষ থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছেন। সে লক্ষ্যেই বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সকল সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের প্রতি কৃচ্ছ্রসাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদের দিয়েই একটি উদাহরণ তৈরি করতে চেয়েছি। বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট-সুবিধা নেবেন না।’

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, ‘আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ‘‘ন্যায়পরায়ণতার’’ আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি, বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত সেই ‘‘ন্যায়পরায়ণতার’’ আদর্শেরই প্রতিফলন।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর প্রথম জাতির উদ্দেশে ভাষণ। এর আগে গতকাল মঙ্গলবার তিনি দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।


শেয়ার করুন