Sunday, March 1, 2026

জলঢাকায় ডিবি পুলিশের অভিযান: ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ায় জড়িত ৭ জন গ্রেপ্তার



বদিউজ্জামান জলঢাকা :  নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোতে অনলাইন ভিসা প্রতারণা চক্রের কার্যক্রম, বিভিন্ন ক্যাসিনো ও বেটিং অ্যাপস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। একই সঙ্গে তারা অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ লেনদেনেও জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও প্রতারণা সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে এসব প্রতারণা চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ডিবি পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন