Tuesday, March 3, 2026

একসঙ্গে দেশ ছাড়ছিল তিন জেলার তিন শিশু, বিজিবির হাতে আটক


তিস্তা নিউজ ডেস্ক ঃ নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নীলফামারী।

আটক তিন শিশু নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ, ঢাকার কোনাবাড়ি ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাসিন্দা।

এদিকে, নীলফামারী ৫৬ বিজিবি সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আটক শিশুদের ডোমার থানায় হস্তান্তর করে। ডোমার থানার ওসি হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়।

আটক  শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশে রওনা হয়েছিল।

ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


শেয়ার করুন