মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ মে) সকালে উপজেলার পূর্ব বাংলা গ্রাম, কাঁকড়া চৌপতি, পশ্চিম গোলমুন্ডা ও আশপাশের বিভিন্ন এলাকায় মসজিদে মুসল্লিরা সমবেত হন। নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত আদায় করা হয়।
জামাত শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও তারা আগাম ঈদ উদযাপন করছেন। এ সময় খতিব কোরবানির তাৎপর্য ও ত্যাগের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ঈদ উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, প্রতিবছরই দেশের শরীয়তপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জেলার কয়েকশ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে জলঢাকায় কয়েকটি জায়গায় নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে।


