হাকিম বদিউজ্জামান জলঢাকা(নীলফামারী) : নীলফামারীর জলঢাকা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হওয়ায় পূর্ব কাঁঠালি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছাইয়াতুন নেছাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬ টার দিকে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত “ঈদ আনন্দ গানে গানে” অনুষ্ঠানের অংশ হিসেবে কিংবদন্তি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হরলাল রায় ও মহেশ চন্দ্র রায় সম্মাননা-২০২৬ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী ও সমাজসেবক আবু সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার কণ্ঠশিল্পী শিশির কুমার রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমদ-এর শ্যালক কন্যা নীনা মাশরাফি। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কণ্ঠশিল্পী ও সমাজসেবক অ্যাডভোকেট মালা জেসমিন।
বক্তারা বেগম ছাইয়াতুন নেছার শিক্ষা ক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার কর্মনিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকার কথা তুলে ধরেন। পরে তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


